শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বাড়াতে নিরলসভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী অর্থবছরে এ বাজেট ২ কোটি টাকা বাড়িয়ে ১০ কোটিতে উন্নীত করার চেষ্টা চলছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সোমবার (৮ আগস্ট) সকালে প্রশাসনিক ভবন-২ এর সিন্ডিকেট সভাকক্ষে 'ভিসি অ্যাওয়ার্ড-২০২১' প্রাপ্ত শিক্ষকদেরকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গবেষণা বৃদ্ধির বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় ১ কোটি টাকার গবেষণা বাজেট ৮ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। আগামী বছরে গবেষণা বরাদ্ধ ১০ কোটি টাকায় উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উপাচার্য বলেন, 'আমরা প্রত্যাশা করি ভাইস চ্যান্সলর পদক এ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আরো উজ্জ্বীবিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে।'
এসময় 'ভিসি অ্যাওয়ার্ড-২০২১' প্রাপ্ত শিক্ষকদেরকে ক্রেস্ট ও চেক প্রদান করেন উপাচার্য।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, এপ্লাইড সায়ন্সেস এন্ড টেকনোলজি ক্যাটাগরিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়ন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন, লাইফ সায়ন্সেস ক্যাটাগরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হোসেন এবং ফিজিক্যাল সায়ন্সেস ক্যাটাগরিতে ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত সরকার।
গবেষণায় বিশেষ অবদানের জন্য তাদেরকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সাস্ট রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. এ জেড এম মনজুর রশিদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এনএম/এসডি-২০




