সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী দুই শিক্ষিকার অভিযোগের প্রেক্ষিতে একজন প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
রোববার বিকেলে সুনামগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহিম সাময়িক বরখাস্তের আদেশ দেন।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়- উপজেলার পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আফরিন ও সহকারী শিক্ষিকা পপি চন্দ গত ৮ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মুর্শেদুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন। যার প্রেক্ষিতে ৯ জুন সরেজমিনে তদন্ত করে গত ১২ জুন প্রধান শিক্ষক মুর্শেদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট সুপারিশ করেন। যার প্রেক্ষিতে রোববার প্রধান শিক্ষক মুর্শেদুর রহমান কে সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদুর রহমান বলেন, বিদ্যালয়ের দুই জন নারী সহকারী শিক্ষককে গত ৬ জুন সময়মতো বিদ্যালয়ে না আসায় শোকজ করেছিলাম। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা আমার বিরুদ্ধে ৮ জুন মিথ্যা অভিযোগ এনে লিখিত অভিযোগ দেয়।
তিনি বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। নারী শিক্ষককে সময়মতো বিদ্যালয়ে আসার কথা বলায় শাস্তি পেলাম। এর চেয়ে দুঃখ আর কি হতে পারে?
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র মঙ্গলবারকে বলেন, দুই নারী সহকারী শিক্ষিকার অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক মুর্শেদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সুনু/মুন্না




