ছবি : আহমেদ শাহিন

সিলেটের ঐহিত্যবাহী কিনব্রিজ দখল করে দিনের বেশিরভাগ সময় বাজার বসিয়ে রাখতেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। এতে চরম দুর্ভোগে পড়তেন ব্রিজ দিয়ে যাতায়াতকারী লোকজন। জনদুর্ভোগের বিষয়টি সোমবার (৮ আগস্ট) তুলে ধরে সিলেটের শীর্ষ পাঠকপ্রিয় ও সরকারি নিবন্ধিত নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটকম। 

সোমবার সন্ধ্যায় ‘পুরো কিনব্রিজই যেন বাজার, ভোগান্তি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। আজ মঙ্গলবার (৯ আগস্ট) অভিযান চালিয়ে কিনব্রিজ থেকে হকারদের উচ্ছেদ করে পুলিশ। দুপুরে কিনব্রিজ ঘুরে দেখা যায়, সেখানে কোনো ভ্রাম্যমাণ দোকান নেই। পুরো ব্রিজই ফাঁকা। এতে ব্রিজ দিয়ে চলাচলকারীরা স্বস্তির পাশাপাশি পুনরায় ভ্রাম্যমাণ দোকান বসার সংশয় প্রকাশ করেছেন। 


তবে পুলিশ বলছে- তারা নিয়মিত অভিযান চালায়। অভিযানের পর সেখান থেকে ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদ করা হয়। তবে পুলিশের অনুপস্থিতিতে পুনরায় হকাররা বসে যান। 

কিনব্রিজ দিয়ে যাতায়াতকারী রাহেল আহমদ বলেন- আমি প্রতিদিন এ ব্রিজ দিয়ে যাতায়াত করি। দুই লাইনে রিকশাসহ যানবাহন চলে। এরই মাঝে পুরো ব্রিজজুড়ে দুই পশে হকাররা পণ্য নিয়ে বসে থাকেন। ফলে আমাদের যাতায়াতে চরমত ভোগান্তি হয়। তবে আজ (মঙ্গলবার) ব্রিজ পুরোটা ফাঁকা দেখছি। এতে কিছুটা স্বস্তিবোধ করছি। কিন্তু কাল যে আবার বসবে না- এর কোনো ঠিক নেই। 

তিনি আরও বলেন- ব্রিজে যাতে কোনো ধরনের ভ্রাম্যমাণ দোকান বসতে না পারে এবং দুর্ভোগ ঠেকাতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউ-কে বলেন- আমরা সড়ক, ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ করতে নিয়মিত অভিযান চালাই। তবে পুলিশ সেখান থেকে চলে আসলে পুনরায় এরা বসে যায়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়- ব্রিটিশ আমলে তৈরি কিনব্রিজ দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও লোকজন চলাচল করছেন। তাদের চলাচলকে কেন্দ্র করে এক শ্রেণির ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ব্রিজে বিভিন্ন পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে ব্যবসা করে যাচ্ছেন। ব্রিজের তিনভাগের একভাগও তাদের দখলে নিয়ে যাওয়ায় ব্রিজ দিয়ে যাতায়াতকারীরা পড়েন বিড়ম্বনায়। দিনরাত লেগে থাকে যানজট। তবে মঙ্গলবার কিনব্রিজের চিত্র ছিলো ভিন্ন।  

সিলেটভিউ২৪ডটকম / মুন্না / ডি.আর