(প্রতীকী ছবি)
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একদিনের ব্যবধানে দুটি খুনের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাছ কাটা নিয়ে তর্ক ও হাতাহাতিতে জয়নাল নামের এক বৃদ্ধের মৃত্যু হয়।
উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নভাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এর আগে গত বুধবার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোশাহিদ আলী (৬২) নামের আরো এক ব্যক্তি মারা গেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নালের দখলে থাকা একটি গাছ জোরপূর্বক কাটছিলেন প্রতিবেশি মেরাজ উদ্দিন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। একপর্যায়ে জয়নাল মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, মৃত্যুর আগে প্রতিপক্ষের সাথে জয়নালের বাকবিতান্ড ও হাতাহাতি হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এদিকে, গত বুধবার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত মোশাহিদ আলী (৬২) মারা যান। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মোশাহিদ আলী উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের শিমুলতলা নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
গত বুধবার সকালে শিমুলতলা নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনা ঘটে। মোশাহিদ ছাড়াও ফারুক, মওদুদ, হাসান, আব্দুল হান্নান, ইসমাইল, নাজিম, মুজিবুর ও হামিদ মিয়া নামে আট ব্যক্তি আহত হন। এ ঘটনায় হামিদ নামের একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সুকান্ত চক্রবর্তী।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর




