৩শ' টাকা দিন মজুরীর দাবিতে মৌলভীবাজার জেলার সবক'টি চা বাগানে পূর্ন কর্মবিরতি পালন করছে চা শ্রমিকরা। 

এর আগে একই দাবিতে গত চারদিন ধরে প্রতিদিন দুই ঘন্টা কর্ম বিরতি পালন করলেও বাগান কর্তৃপক্ষ তা আমলে না নেয়ায় শ্রমিকরা শনিবার (১৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। 


সরেজমিন দেওরাছড়া চা বাগানে গিয়ে দেখা যায়, সকাল থেকেই চা শ্রমিক নারী পুরুষরা বাগানের কারখানার সম্মুখে অবস্থান নেয়। এসময় তারা চা পাতা আহরনের ঝুলা রেখে কারখানার সম্মুখে দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকে। শ্রমিকদের এই কর্মবিরতিতে একাত্মতা ঘোষণা করে কর্মসূচীতে যোগ দেন বাগান পঞ্চায়েত কমিটির লোকজন। 

চা শ্রমিক নারী অতিকা মুন্ডা ও নিয়তি বৈদ‍্য সিলেটভিউকে জানান, বতর্মানে আমরা দিন হাজিরা মাত্র ১২০ টাকা পাই। এই টাকা দিয়ে আলু কিনলে চাল কিনতে পারিনা। ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ ঔষধ পথ‍্য কিনবো কি দিয়ে। এছাড়া সারা মাসে এক টুকরো ভালো মাছ খাওয়াতে পারিনা। 

তারা জানান, বাগান কর্তৃপক্ষ শুধু আশ্বাস দেয়। আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চা পাতা তুলি। এই চা পাতার টাকায় বাগানের মালিক ও বাবুরা মাংস খায় কিন্তু আমাদের দিকে তাঁদের কোন নজর নাই। তাই আমরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছি। 

 

দেওরাছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি সিলেটভিউকে জানান, গত চারদিন ধরে আমরা প্রতিদিন দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করছি। কিন্তু বাগান কর্ত‍ৃপক্ষ তা আমলে নিচ্ছেনা। বর্তমানে দ্রব‍্যমূল‍্যের অস্বাভাবিক দাম বেড়েছে। আমরা যে মজুরী পাই তা দিয়ে একজনের দিনের খাবার জুটেনা। কিন্তু এক পরিবারে কমপক্ষে তিনজন রয়েছে। তাই আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন‍্য পূর্ন কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি মানা নাহলে আমরা আরো কঠোর কর্মসূচী দেবো বলে তিনি জানান। 

এদিকে শুধুমাত্র দেওরাছড়া নয়। একই দাবিতে জেলার ৯৩টি চা বাগানে পূর্ন কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে। 


সিলেটভিউ২৪ডটকম/তফে/ইআ