এ.জে লাভলু, বড়লেখা:: মৌলভীবাজার বড়লেখায়  নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন। যুক্তরাজ্যের লিঙ্কন’স ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করায় শাহবাজপুর সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৪ আগস্ট) সন্ধ্যা সাতটায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করে। 

এতে সভাপতিত্ব করেন উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। 


সভায় শিক্ষক রুয়েল আহমদের পরিচালনায় সংবর্ধিত অতিথি ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য হামিদুর রহমান শিপলু, অধ্যাপক আব্দুস শহীদ খান, সমাজসেবক মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ইউপি সদস্য সেলিম খান ও মাসুক উদ্দিন, দলিল লেখক তাজ উদ্দিন, শিক্ষক করিম উদ্দিন প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, যে সমাজ গুণীর সম্মান দিতে পারে না, সেখানে গুণী মানুষের জন্ম হয় না। ব্যারিস্টার মো. সালাহ উদ্দিন সুমন আমাদের এলাকার কৃতি সন্তান। তিনি শাহবাজপুর তথা বড়লেখার গর্ব। তিনি লন্ডন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেছেন যা আমাদের জন্য গর্বের, আনন্দের। পাশাপাশি তিনি সেখানে ল’ফার্ম প্রতিষ্ঠা করে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। বক্তারা সুমনের উত্তোরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। 

সংবর্ধিত অতিথি ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন বলেন, এই পর্যায়ে আসতে আমাকে অনেক পথ হাটতে হয়েছে। নানা চড়াই-উতরাই পেরুতে হয়েছে। অবশ্য আমি স্বপ্ন দেখতাম। লেখাপড়া করে একদিন বড় হবো। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে লেখাপড়া শিখতে হবে। এজন্য স্বপ্ন দেখতে হবে। পরিশ্রম করতে হবে। চলার পথে নানা বাধা বিপত্তি আসবে। তা ডিঙিয়ে চলতে হবে। তবেই জীবনে সফলতা আসবে। তিনি আরও বলেন, আমি শাহবাজপুরে গ্রামের সন্তান। এই গ্রামের আলো-বাতাস মেখে বড় হয়েছি। এখানে লেখাপড়া করেছি। পরে সিলেটে এমসি কলেজে অনার্সসহ মাস্টার্স করে উচ্চশিক্ষার অর্জনের জন্য যুক্তরাজ্যে পাড়ি দিয়েছি। আজকে আমাকে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সম্মান দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করতে আমি মূলত আইন পেশাকে বেছে নিয়েছি। আপনাদের যেকোনো সহযোগিতা লাগলে আমাকে জানাবেন আমি পাশে থাকবো। 

প্রসঙ্গত, ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আজমল আলী তাপাদার পেশায় একজন পোস্ট মাস্টার ছিলেন। মা সাহেদা বেগম গৃহিনী। ৬ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তিনি লন্ডনের রেডব্রিজ বারার স্থায়ী বাসিন্দা। পারিবারিক জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জনক। সুমন গত ২৮ জুলাই লন্ডনের লিঙ্কন’স ইন-এর ব্যারিস্টার হিসেবে এনরোল (নথিভুক্ত) হয়েছেন।

সুমন এর আগে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে প্রোফেশনাল লিগ্যাল স্টাডি (এলপিসি) কোর্স সম্পন্ন করেন। পরবর্তীতে সলিসিটর হিসাবে এনরোল হন। তিনি ২০১৭ সালে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে ল’কনভার্সন ডিগ্রি (পিজিডি ইন ল') এবং ২০১২ সালে ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। 

সালাহ উদ্দিন সুমন উচ্চ শিক্ষার জন্য ব্রিটেনে পাড়ি জমানোর আগে সিলেট এমসি কলেজ থেকে গণিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি ২০১৯ সালের মে মাসে ব্যারিস্টার আসাদুজ্জামান, ব্যারিস্টার ফখরুল ইসলাম এবং ব্যারিস্টার সাঈদ হাসানকে নিয়ে ‘ল’মাটিক সলিসিটর’ নামে একটি ল’ ফার্ম প্রতিষ্ঠা করেন। বড়লেখা ও জুড়ী উপজেলার ব্রিটেন প্রবাসী হিসেবে সুমনই একমাত্র সলিসিটর এবং ব্যারিস্টার যিনি প্রথম সলিসিটর ল’ফার্ম প্রতিষ্ঠা করেন। বর্তমানে ল’ফার্মে প্রায় ২৫ জন আইনজীবী কর্মরত রয়েছেন। ইতোমধ্যে ফার্মটি ইমিগ্রেশন, ফ্যামিলি, প্রপার্টি, কনভেয়ান্সিং, হাউসিং ও লিটিগেশনসহ আইনের প্রায় সকল বিষয়ে কমিউনিটির সেবা অত্যন্ত দক্ষতার সাথে দিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।

সিলেটভিউ২৪ডটকম/এজেএল