বাড়িতে বলেছিলেন- বাংলাদেশ ব্যাংকের একটি পদে চাকরি হয়েছে তার। নিয়োগ হয়েছে ঢাকায়। এমন বলে তিনি গত ১৫ আগস্ট বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু ওই দিন সিলেট নগরীর তালতলার হোটেল শাহবানে একটি কক্ষ ভাড়া নেন তিনি। দুদিন পর বুধবার (১৭ আগস্ট) দরজা ভেঙে হোটেলকক্ষ থেকেই উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত লাশ।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হোটেল শাহবানের তৃতীয় তলার ৩০৯ নম্বর কক্ষ থেকে জয় ভট্টাচার্জ (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর দেহটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলো। জয় সুনামগঞ্জ সদর থানার নতুনপাড়া গ্রামের নিশিত ভট্টাচার্যের ছেলে। 


হোটেল শাহবানের ম্যানেজার জানান, গত ১৫ আগস্ট জয় ভট্টাচার্য হোটেলের ওই কক্ষ ভাড়া নেন। বুধবার দুপুর পর্যন্তও কর্মচারীদের ডাকাডাকিতেও সাড়া দেননি। পরে জানালার ফাঁক দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয় হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। 

হোটেল কক্ষ ভাড়া নেয়ার সময় জয় নিজেকে ওষুধ কোম্পানির কর্মকর্তা বলে পরিচয় দেন বলে জানান ম্যানেজার। 

জয়ের চাচা বিপুল মৈত্র জানান- জয় বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক পদে নিয়োগ পরীক্ষা দিয়েছিলো। প্রথমে শুনেছিলো- সে নিয়োগ পেয়েছে। পরে জানতে পারে নিয়োগ হয়নি। এ নিয়ে হয়তো তার মধ্যে হতাশা বিরাজ করছিলো। 

সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াসিন খান বলেন, জয় তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন- তিনি বাংলাদেশ ব্যাংকের একটি পদে নিয়োগ পেয়েছেন। চাকরিতে যোগদানের জন্য ঢাকায় যাওয়ার কথা বলে তিনি ১৫ আগস্ট বাড়ি থেকে বের হন।

তিনি বলেন, লাশ উদ্ধারের পর জয়ের মুঠোফোন থেকে নাম্বার খুঁজে নিয়ে তার ভাইকে খবর দেওয়া হয় এবং পরিবারের সদস্য ও স্বজনরা আসেন।  আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। 

সিলেটভিউ২৪ডটকম / ডালিম