সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন- ‘বিএনপির মতো আওয়ামী লীগ অপরাজনীতিতে বিশ্বাসী না। আপনারা দেখেছেন- বরগুনায় ছাত্রলীগের উপরে কী ঘটনা ঘটানো হয়েছে। আমাদের এমপিকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। যদিও সেই পুলিশ অফিসারকে ক্লোজড করা হয়েছে, কীভাবে তার বিচার হবে সেটি আইনের ব্যাপার। তবে তাদের (বিএনপি) লোক আমাদের মধ্যে আছে। তাদের (বিএনপির) সময়ে ঢুকেছে এরা। এই যারা আছে তাদের চিহ্নিত করতে হবে। সরকারের প্রতি দাবি থাকবে- এদের চিহ্নিত করা হোক। আমাদের অব্যাবস্থাপনার কারণে যদি আমরা পিছে পড়ে যাই তবে আমাদের আর কেউ এগিয়ে নিয়ে যাবে না।’
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে এবং বিএনপি-জামায়াত ‘অপশক্তির মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির’ প্রতিবাদে বুধবার (১৭ আগস্ট) সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এসব কথা বলেন।
মানববন্ধনের পর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগের হাজারো নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




