সিলেট-চট্টগ্রাম রেলপথে উন্নতমানের এসি কম্পার্টমেন্ট এবং বগি প্রদানের অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের কাছে ডিও (আধা সরকারিপত্র) দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন।
গত ১৪ আগস্ট তিনি এই ডিও দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র সিলেটভিউকে নিশ্চিত করেছে।
ডিও’তে ড. মোমেন লিখেছেন, ‘সিলেট বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন জনপদ। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর প্রচুর সংখ্যক দর্শনার্থী এবং অন্যান্য পেশাজীবী এ অঞ্চলে ভ্রমণ করেন। সম্প্রতি আমি সিলেটে অবস্থানকালে জানতে পারলাম যে, রেলপথযোগে চট্টগ্রাম-সিলেট রুটে ভ্রমণের জন্য রেলগাড়িতে একটিমাত্র এসি বগি আছে যা প্রয়োজনের তুলনায় নিতান্ত অপ্রতুল। এছাড়াও বগিগুলো নিম্নমানের হওয়ায় এখানে ভ্রমণপিপাসু পর্যটক এবং স্থানীয় জনগণের জন্য রেলপথে ভ্রমণ অত্যন্ত দুর্ভোগ এবং কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে।’
‘এই রুটে একটিমাত্র এসি বগি এবং সাধারণ বগির সংখ্যা কম এবং নিম্নমানের হওয়ায় সবসময় টিকেটের জন্য হাহাকার লেগে থাকে। সিলেট এলাকার অনেকেই ধনী মানুষ। তারা এসি কামরায় চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।’
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিলেট-চট্টগ্রাম রুটে পর্যটক ও সাধারণ যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য অধিকসংখ্যক এসি কম্পার্টমেন্ট এবং উন্নতমানের বগি প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলমন্ত্রীকে বিশেষ অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




