‘শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক সংকট: বাংলাদেশের জন্য শিক্ষণীয়’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ (পিসএসএস) বিভাগ।
আগামী সোমবার (২২ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় জুম অ্যাপে ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ওই বিভাগের অধ্যাপক ড. সাহাবুল হক। তিনি এ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে রয়েছেন।
অধ্যাপক সাহাবুল হক জানান, সোমবার বিকাল সাড়ে তিনটায় জুম অ্যাপে ভার্চুয়ালি এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে। এটি তার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের একটি কোর্স ‘পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স ইন সাউথ এশিয়া’ এর অংশ হিসেবে এ ওয়েবিনারটি করা হচ্ছে।
ওয়েবিনার থেকে শিক্ষার্থীরা শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক সংকট সম্পর্কে একটি পুর্ণাঙ্গ ধারণা পাবে। এছাড়া অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও এ থেকে উপকৃত হবেন বলে অধ্যাপক সাহাবুল জানান।
এতে সভাপতিত্ব করবেন শাবির পিএসএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন। ওয়েবিনারে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান। কি নোট প্রেজেন্টার হিসেবে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার ফেক্টামের সিনিয়র এডভাইজার ড. রাঙ্গা কালানসুরিয়া।
অনুষ্ঠানের প্রধান আলোচক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
ওয়েবিনারে বিভাগের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অধ্যাপক সাহাবুল হক।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/মুন্না




