সিলেট লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে পুনরায় নিয়োগ পেলেন বনমালী ভৌমিক। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইসিটি বিভাগে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোববার (২১ আগস্ট) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী বনমালী ভৌমিক (প্রাক্তন ট্রেজারার), লিডিং ইউনিভার্সিটি, সিলেট-কে উক্ত ইউনিভার্সিটির ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তগুলো হলো-
ক) ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন;
খ) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন
গ) তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
বনমালী ভৌমিক ১৯৫৯ সালে মৌলভীবাজার জেলার সদরে জন্ম গ্রহণ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী কমিশনার হিসেবে ১৯৮৮ সালে যোগদানের পর জেলা প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট, ডেপুটি ডিরেক্টর, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে বনমালী ভৌমিক মৌলভীবাজার জেলার দিঘল বাক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৪ সালে এস.এস.সি. মৌলভীবাজার কলেজ থেকে ১৯৭৬ সালে এইচ.এস.সি. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ এবং ১৯৮১ সালে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্স (আইইআর) থেকে এডুকেশন এন্ড রিসার্স বিষয়ে দুই বছর মেয়াদী এম.এড. ডিগ্রী লাভ করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




