শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'জাতীয় ছাত্রদল’র ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র সংগঠনটির শাবি শাখার সহসভাপতি রুপেল চাকমা, সাধারণ সম্পাদক উসমান গণি, প্রচার সম্পাদক মিলন বিশ্বাস, সদস্য সজীব আহমেদ জয় ও তুখোর আরেং।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৩ সালে ২৩ আগস্ট এক ঐতিহাসিক প্রেক্ষাপটে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় জাতীয় ছাত্রদল।
'প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি গণমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ একটি নয়া উপনিবেশিক আধা সামন্তবাদী রাষ্ট্র হওয়ায় তার শিক্ষা ব্যবস্থাও রয়েছে অবৈজ্ঞানিক , অগণতান্ত্রিক ও উৎপাদন বিমুখ।'
তাই গণমুখী ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার সংগ্রাম এবং সাম্রাজ্যবাদ ও সামন্তবাদ বিরোধী লড়াই একসূত্রে গাঁথা।
তারা বলেন, 'এজন্য দরকার সাম্রাজ্যবাদ ও তার দালাল শ্রেণির উচ্ছেদ করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামের সাথে শিক্ষার সংগ্রামকে একীভূত করা।
এসময় বক্তারা অবিলম্বে চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
একইসাথে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য করে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা, পর্যাপ্ত রেশনের ব্যবস্থা করা, সুচিকিৎসা ও ভূমি অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আহ্বান করেন বক্তারা।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/ইআ-১১




