মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটির উদ্যোগে ব্র্যাক ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর মো. কায়কোবাদের সাথে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বিশ্বখ্যাত তিনটি প্রতিষ্ঠানে চাকরি পাওয়া বিশ্ববিদ্যালয়ের তিন গ্র্যাজুয়েট ইমরুল চৌধুরী, মাজহারুল ইসলাম ও আমানুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার শহরতলির বটেশ্বরে মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সেমিনারে ব্র্যাক ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর মো. কায়কোবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

প্রফেসর মো. কায়কোবাদ বলেন, বাংলাদেশের কোন  বিশ্ববিদ্যালয়ই গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অবস্থানে নেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট থেকে অনেক শিক্ষার্থী বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে চাকুরি পেয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। সম্প্রতি মেট্রোপলিটন ইউনিভার্সিটির একাধিক শিক্ষার্থী গুগলে এবং অ্যামাজনের সফটওয়ার ইঞ্জিনিয়ার পদে নির্বাচিত হয়ে প্রমাণ করেছে তারাও ওইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমকক্ষ। তাই, ঢাবি বা বুয়েটে ভর্তির সুযোগ না পেয়ে আফসোস করার কোন কারণ নেই।

তিনি আরও বলেন, দেশে সব সময় হাজারো সমস্যা থাকবে, আমাদের অনেক রকমের ঘাটতি আছে। কিন্তু সেগুলো যেন শিক্ষার্থীদের বিকাশের পথে অন্তরায় হয়ে না দাঁড়ায়। নিজেদের চেষ্টার সেরাটা দিতে হবে। তথ্যপ্রযুক্তির চাকুরিতে এখন ভাল প্রতিষ্ঠানগুলো আবেদনকারীরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে সেটার খোঁজ নেয় না। তারা শুধু গ্রাজুয়েটদের দক্ষতা যাচাই করে। সুতরাং নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে।

এদিকে, সম্প্রতি বিশ্বখ্যাত টেক জায়ান্ট গুগল থেকে জব অফার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট আমানুর রহমান আমান, আমাজনে জব অফার পেয়েছেন ইমরুল চৌধুরী এবং অ্যাগোডায় জব অফার পেয়েছেন মাজহারুল ইসলাম রাফাত। এই অসামান্য সফলতার জন্য তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের উদ্যোগে এই চার কৃতি শিক্ষার্থীর হাতে অধ্যাপক কায়কোবাদ ক্রেস্ট এবং ফুলের তোড়া তুলে দেন। তিনি গুগল, আমাজন এবং অ্যাগোডায়  সদ্য নিয়োগ পাওয়া মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার শিক্ষার্থীর ভূয়সী প্রশংসা করেন এবং নবীনরা যাতে তাদের অনুসরণ করে, সেই আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিএসই ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শাবিব চৌধুরী।

অনুষ্ঠানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এবং বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিএসই সোসাইটির বর্তমান কমিটির স্টুডেন্ট অ্যাডভাইজার মো. এতরাজুল করিমের উচ্চশিক্ষায় বিদেশ গমন উপলক্ষে তার হাতে বিদায়ী সংবর্ধনার ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে