আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা বিকাল ৪টায় শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই যৌথসভায় দেশের বিভিন্ন জেলা পরিষদ নির্বাচনে কারা হবেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী, তা ঠিক করা হতে পারে। এ হিসেবে সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রার্থী ঠিক হতে পারে আজ।
জানা গেছে, সিলেট জেলা পরিষদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী এবং জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজও প্রার্থী হতে চান বলে গুঞ্জন থাকলেও তিনি সরে দাঁড়িয়েছেন।
যে চারজন মনোনয়ন চেয়েছেন, তাদের মধ্য থেকেই কাউকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করতে পারে আওয়ামী লীগ।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




