ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে শুক্র, শনি ও রবিবার দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এরই ধারাবাহিকতায় সিলেটেও পালিত হচ্ছে এ শোক। সরকারের নির্দেশনা মেনে সিলেটের বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় অর্ধনমিত করে রাখা হয়েছে। তবে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এ নির্দেশনা প্রথমে মানা হয়নি। 


শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় অর্ধনমিত না রেখে অন্যান্য সাধারণ দিনের মতো পূর্ণ উত্তোলন করে রাখা হয়েছে। এসময় সিলেটভিউ’র নিজস্ব প্রতিবেদক নাজাত আহমদ পুরকায়স্থ পূর্ণ উত্তোলিত পতাকার ছবি মুঠোফোনে ধারণ করেন। 

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী সিলেটভিউ-কে বলেন- দুপুরে বিষয়টি আমাদের নজরে আসে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেই দ্রুত পতাকা অর্ধনমিত করতে। এর পরপরই শহিদ মিনারের পতাকা অর্ধনমিত করে রাখা হয়।

উল্লেখ্য, সত্তর বছর রাজত্ব করার পর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন গত বৃহস্পতিবার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম