খলিলুর রহমান, ঢাকা অফিস:: বিশ্বের সবচেয়ে খারাপ বায়ু মানের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে। বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকায় বাতাসের মান ১৬০। তালিকায় পাকিস্তানের লাহোর ও করাচি এবং চীনের উহান যথাক্রমে ১৮০, ১৬৯ ও ১৬১ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষ তিনটি স্থানে রয়েছে।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য বায়ুর মান ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে সেটিকে  “অস্বাস্থ্যকর” বলে মনে করা হয়।  অন্যদিকে, এর মান ২০১ থেকে  ৩০০ এর মধ্যে থাকলে এটিকে “ঝুঁকিপূর্ণ” বলা হয় এবং মান ৩০১ থেকে ৪০০ থাকলে তা “বিপজ্জনক” বলে বিবেচিত হয়। কারণ এ ধরনের বায়ু সাধারণ মানুষের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।


বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরেই ঢাকা বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭ মিলিয়ন মানুষের মৃত্যু হয়। মূলত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রে তীব্র সংক্রমণ বায়ু দূষণের ফলাফল।

এদিকে, এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকা চীনের উহান বা ভারতের নয়াদিল্লিকে পেছনে ফেলেছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন দেখে আমরা হতবাক হয়েছি। প্রতিবেদনটিতে বলা হয়, গত ৬ বছরে ঢাকায় মাত্র ৩৮ দিন বিশুদ্ধ বাতাস পাওয়া গেছে!

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক পলিউশন স্টাডিজের ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত পরিচালিত এই সমীক্ষায় দেখে গেছে, এ সময়ে ঢাকার গড় একিউআই স্কোর ছিল ২১৯। একটি শহরের গ্রহণযোগ্য একিউআই স্কোর ০-৫০ এবং এ ক্ষেত্রে ঢাকার স্কোর 'অত্যন্ত অস্বাস্থ্যকর'।

সমীক্ষার তথ্য অনুযায়ী, ঢাকায় বায়ু দূষণের মধ্যে সবচেয়ে বেশি ৩০ শতাংশ দূষণ হয় অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিতভাবে রাস্তা কাটা ও নির্মাণ কাজের কারণে। এরপর ইটভাটা ও কলকারখানার ধোঁয়ায় ২৯ শতাংশ এবং যানবাহনের কালো ধোঁয়ার কারণে ১৫ শতাংশ বায়ু দূষণ হয়েছে। কীভাবে আমরা নিজেদের এই ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছি, তা কল্পনারও বাইরে। আরও ভয়াবহ বিষয় হচ্ছে, এই অবস্থাটা আমরা মেনে নিয়েছি। বছরের পর বছর ঢাকার একিউআই মানের অবনতি হওয়া সত্ত্বেও আমরা বায়ু দূষণ রোধ এবং এর কারণগুলো বন্ধ করতে তেমন কিছুই করিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, যে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহর এবং তারা 'এ সমস্যা থেকে উত্তরণে কাজ করছেন'। এই বিষাক্ত বাতাসে যারা নিঃশ্বাস নিচ্ছি তাদের অংশ হিসেবে আমরা আবার কবে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারব তা জানতে চাই এবং সময়রেখা উল্লেখ করে এ বিষয়ে জাতীয় পরিকল্পনার বিস্তারিত জানতে চাই।


গত বছর ২৪ নভেম্বর বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর (ডিওই), ২ সিটি করপোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। এর মধ্যে ছিল বর্জ্য বহনকারী যানবাহন, নির্মাণ সামগ্রী ও নির্মাণ কাজের স্থানগুলো ঢেকে রাখার ব্যবস্থা নিশ্চিত করা। এ ছাড়া বায়ু দূষণ নিয়ন্ত্রণে ঢাকার রাস্তায় পানি ছেটানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। এটা স্পষ্ট যে এসব নির্দেশনা মানা হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব নির্দেশনার বাস্তবায়ন পর্যবেক্ষণেও ব্যর্থ হচ্ছে। কর্তৃপক্ষের ওপর নজরদারি কে করবে? প্রায় ২ কোটি মানুষের শহর ঢাকাকে বসবাসযোগ্য ও শ্বাস-প্রশ্বাসের উপযোগী করতে ধারাবাহিক ব্যর্থতার জন্য তাদের জবাবদিহির আওতায় আনার সময় এসেছে।


১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, যখন বাতাসের মান ঢাকার মতো এমন খারাপ অবস্থায় পৌঁছায়, তখন পরিবেশ অধিদপ্তরের অবশ্যই স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে গণসতর্কতা জারি করার কথা। কিন্তু এমন কোনো সতর্কতা তারা এখনো জারি করেনি। 'এতে তাদের অবহেলার ইঙ্গিত পাওয়া যায়' উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বিষয়টিকে সামনে এনেছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বায়ু দূষণের কারণে প্রতি বছর শুধু ঢাকাতেই ১০ হাজারেরও বেশি মানুষ এবং সারা দেশে ১ লাখ ৫৩ হাজার মানুষ মারা যায়। কর্তৃপক্ষকে অবশ্যই বিষয়টিকে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করে সে অনুযায়ী এখনই ব্যবস্থা নিতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/ কেআরএস