সমাজ কল্যাণে অসাধারণ অবদানের জন্য শেখ হাসিনা ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২ পাচ্ছেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।
রবিবার সকাল ১০টায় পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানটি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এ বছর ৫ টি ভিন্ন ক্যাটাগরিতে দেশের বিভিন্ন জেলা থেকে ১১ জন তরুণ স্বেচ্ছাসেবী এই পদক পাচ্ছেন। তন্মধ্যে সিলেট বিভাগ থেকে কাসমির রেজা একমাত্র পদক বিজয়ী।
তিনি সমাজ কল্যাণে অসাধারণ অবদানের জন্য ক্যাটাগরিতে এই পদক পাচ্ছেন।
মোহাম্মদ কাস্মিরুল হক (কাসমির রেজা) গত এক যুগ ধরে হাওরের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছেন। ২০১০ সালে তিনি সমমনা আরও কয়েকজন কে নিয়ে গড়ে তোলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। তিনি প্রতিষ্ঠা কাল থেকে সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি সিলেটে ও সুনামগঞ্জে পরিবেশ রক্ষা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
কাসমির রেজা'র জন্ম সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে। তিনি বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স পাশ করেন। পেশাগত জীবনে কাসমির রেজা একজন কলেজ শিক্ষক।
কাসমির রেজা অর্থনীতি এলামনাই এসোসিয়েশন শাবিপ্রবি এর বর্তমান সাধারণ সম্পাদক। তিনি জাতীয় কবিতা পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, তাহিরপুর সমিতি-সিলেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ সমিতি-সিলেটের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি সিলেট জেলা সংসদের আবৃত্তি ও সংগঠন বিভাগের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি সুনামগঞ্জের জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত হাওরের ফসল রক্ষা বাঁধ মনিটরিং কমিটি এবং পর্যটন উন্নয়ন বিষয়ক জেলা কমিটির সদস্য।
সিলেট বেতারে প্রচারিত হাওরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা ভিত্তিক অনুষ্ঠান ’ভাটি বাংলা’র গ্রন্থণা ও উপস্থাপনা করছেন কাসমির রেজা। হাওর অঞ্চলের মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি বিভিন্ন সেমিনার, সভা, সমাবেশ এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমেতুলে ধরছেন।
হাওরের সকল দুর্যোগে কাসমির রেজা দুর্গত মানুষের পাশে দাঁড়ান। ২০১৭ সালের অকাল বন্যার পর কাসমির রেজা ও তাদের সংগঠন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় ১০ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন, দুই হাজার মানুষের মাঝে কাপড় বিতরণ করেন। বিভিন্ন সময়, শীত বস্ত্র বিতরণ, ফ্রী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছেন। করোনা কালীন সময়ে দুই হাজার ফ্রি মাস্ক বিতরণ, ১২০ টি ওয়াশ পয়েন্ট স্থাপন এবং পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
হাওরাঞ্চল সহ সিলেটের পরিবেশ রক্ষায় সভা, সেমিনার, মানবন্ধন, বৃক্ষ রোপন সহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। ২০২২ সালের প্রলয়ংকারী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন কাসমির রেজা ও তাদের সংগঠন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। তারা তিন হাজার প্যাকেট শুকনো খাবার, দুই হাজার প্যাকেট রান্না করা খাবার, দুই হাজার কাপড় বিতরণ, গোখাদ্য বিতরণ, দুই শতাধিক পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছেন। তাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম এখনো চলমান আছে।
হাওরের সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২০১৮ সালে জয় বাংলা ইয়ূথ এওয়ার্ড অর্জন করে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে পদকটি গ্রহণ করেন কাসমির রেজা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭




