সিলেটের হরিপুর গ্যাস ফিল্ডে নতুন অনুসন্ধান কূপ খননকাজ শুরু হচ্ছে। এই খননকাজ চালাবে চীনের কোম্পানি সিনোপ্যাক পেট্রোলিয়াম করপোরেশন। এ কাজে ব্যয় হবে ১৪৯ কোটি টাকা।

জানা গেছে, চীনের কোম্পানি সিনোপ্যাক পেট্রোলিয়াম করপোরেশনকে বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধানে কাজ প্রদান করা হয়েছে। তারা হরিপুরের সিলেট-১০ নামের কূপে খননকাজ করবে। ৩ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে।


এই খননকাজেরি অর্থ আসবে গ্যাস উন্নয়ন তহবিল এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) নিজস্ব তহবিল থেকে।

এদিকে, খননকাজ প্রকল্প বাস্তবায়নে সিনোপ্যাকের সঙ্গে চুক্তি করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। গতকাল রোববার ঢাকার কারওয়ান বাজারে পেট্রোবাংলার কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সেখানে প্রতিমন্ত্রী বলেন, ‘বাস্তবসম্মত প্রকল্প নিয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ বাড়ানো আবশ্যক। গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনুসন্ধান কূপ থেকে যে পরিমাণ গ্যাসই আসুক, তা দেশের উন্নয়নে অপরিসীম অবদান রাখবে।’

অনুষ্ঠানে সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, সিলেট-১০ নামের কূপ থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা রয়েছে।

প্রসঙ্গত, হরিপুর গ্যাস ফিল্ড বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র। ১৯৫৫ সালে এই গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। স্বাধীনতার আগপর্যন্ত এখানে ছয়টি কূপ খনন করা হয়। স্বাধীনতার পর, ১৯৮৬ সালে হরিপুরে সাত নম্বর কূপ খনন করা হয়। ১৯৮৯ সালে খনন করা হয় আট নম্বর কূপ। আর ২০২১ সালের অক্টোবরে নয় নম্বর কূপের খননকাজ শুরু হয়। এবার শুরু হচ্ছে দশ নম্বর কূপের খননকাজ।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে