শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে '৫০ বছরে বাংলাদেশের অর্জন-প্রত্যাশা-চ্যালেঞ্জ' বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

 


আগামী শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী সম্মেলনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে মঙ্গলবার দুপুরে শাবি প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।

 

অধ্যাপক দিলারা সম্মেলনটির আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন। এটি ওই অনুষদের আয়োজনে প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলন বলে তিনি জানান।

 

এর আগে সামাজিক বিজ্ঞান অনুষদ কোনো আন্তর্জাতিক সম্মেলন করতে পারেনি বলে জানান তিনি।  

 

এ সম্মেলনে বাংলাদেশ, আমেরিকা, নেপাল, তুর্কি, ভারত, চীন, মঙ্গোলীয়া ও ডেনমার্কসহ ৮টি দেশের গবেষকদের শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।  

 

‘‘বাংলাদেশসহ ৮টি দেশের শতাধিক গবেষণাপত্র ১৪টি সশরীর সেশনে এবং ২টি ভার্চুয়াল সেশনে উপস্থাপিত হবে। এছাড়া সম্মেলনে দেশ-বিদেশের আড়াই শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ অংশ নিবেন।’’

 

তিনি জানান, গত ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতি, আর্থ সামাজিক উন্নয়ন, সরকারি ও বেসরকারি খাতে সংস্কার, প্রযুক্তি ও উন্নয়ন, সংস্কৃতি বিনিময়, চ্যালেঞ্জ, ভাষা ও সাহিত্য,  দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের ভূ-রাজনীতি, কোভিড-১৯, দারিদ্র্যতা, লিঙ্গ বৈষম্য, টেকসই উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করবেন। 

 

দুইদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। 

 

এছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

 

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান ও শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম। 

 

সম্মেলনে স্বাগত বক্তব্য দিবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান এবং ‘ভোট অব থ্যাংক’ প্রদান করবেন সম্মেলন সচিব ও পলিটিকাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক জায়েদা শারমিন।

 

শাবি প্রেসক্লাবে মতবিনিময়কালে পলিটিকাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জায়েদা শারমিন, ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রি শেখর রায় ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/মুন্না