প্রতিকী ছবি
সিলেট ও সুনামগঞ্জের স্মরণকালের ভয়াবহ বন্যার কারনে স্থগিত হওয়া এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। বুধবার সকাল ১১ টা থেকে পরীক্ষা গ্রহণ শুরু হয়।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় জেলায় মোট ২৭ হাজার ৫৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষার প্রথম দিনে জেলার ১২ উপজেলার মধ্যে ৪০৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
জানা যায়, জেলার ১২ উপজেলায় এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষার সর্বমোট ৫৩টি কেন্দ্র নির্ধারণ করা হয়। এরমধ্যে এসএসসি পরীক্ষীর ৩৩টি কেন্দ্রে ২২ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিন ২২ হাজার ৫৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হন । ফলে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৭৫ জন পরীক্ষার্থী।
এদিকে দাখিল পরীক্ষার ১৩টি কেন্দ্রে ৩ হাজার ৫২৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন- ৩ হাজার ৪১৭ জন এবং অনুপস্থিত ছিলেন ১০৬ জন পরীক্ষার্থী। এছাড়াও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ৭টি কেন্দ্রে ১১৬০ পরীক্ষার্থীর মধ্যে ১১৩৩ জন উপস্থিত ছিলেন এবং অনুপস্থিত ছিলেন ২৭ জন পরীক্ষার্থী।
পরীক্ষার প্রথম দিনে দুর্যোগপূর্ণ প্রতিকুল আবহাওয়ায় কিছু পরীক্ষার্থী অংশ নিতে পারেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাছাড়া ভয়াবহ বন্যায় ঘরবাড়ি ও পরীক্ষার্থীদের বইপত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার কারনকেও দায়ি করছেন অনেকেই।
জেলা মাধ্যমিক অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রথম দিনের পরীক্ষায় ৪০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেননি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রথম দিন নকল কিংবা অন্য কারণে কোনো বহিঃস্কারের ঘটনাও ঘটেনি বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১৫




