যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সুনামগঞ্জের গ্রামের বাড়িতে ‘আওয়ামী বাকশালী সন্ত্রাসীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার কাপুরুষোচিত ও  ন্যাক্কারজনক ঘটনায়’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি।

যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তার পক্ষে যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর সম্পাদক (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) সেলিম আহমেদ বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।


বিবৃতিতে এম এ মালিক বলেন, “দুর্নীতি, সন্ত্রাস, অবৈধ অর্থ পাচার, ভোটাধিকার হরণ, প্রশাসনের স্বেচ্ছাচারিতা, বিচারহীনতা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিশিরাতের ভোটে দখলদার সরকার ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আজ দেশের জনগণ ফুঁসে উঠছে। জনরোষের ভয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারা জনপদে বেপরোয়া সন্ত্রাসী কর্মযজ্ঞের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী হিসেবে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সন্ত্রাস স্বাধীনতাত্তোর বাংলাদেশে রক্ষীবাহিনীর সন্ত্রাসকেও হার মানিয়েছে। আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক সংগঠন নয়, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের ছত্র-ছায়ায় আজ আওয়ামী সন্ত্রাসীরা বেপরোয়া গতিতে বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনসহ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও লুটপাটের খেলায় মেতে উঠেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের সুনামগঞ্জের জগন্নাথপুরের গ্রামের বাড়িতে আগুন লাগিয়েছে সরকার দলীয় দুষ্কৃতিকারীরা।”

বিবৃতিতে বলা হয়, “দমন-পীড়ন চালিয়ে জনগণকে বন্দী করে দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। নেতাকর্মীদেরকে আন্দোলন-সংগ্রাম থেকে দূরে সরানো যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ স্বৈরাচারের শৃঙ্খল ভেঙ্গে পথ-ঘাট, সড়ক-মহাসড়কে প্রবল প্রতিরোধ গড়ে তুলবে। বিএনপি জনগণের সাথে আছে, জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ ।”

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে