(প্রতীকী ছবি)
সিলেটে ডাকাতদের ধাওয়া করে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়েছেন জনতা। শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
গণপিটুনিতে সুভাস (২৮) নামের আহত ডাকাত বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন। সুভাস জালালাবাদ থানার শিবের বাজার এলাকার পাইকরাজ গ্রামের আলতা মিয়ার ছেলে। আলতা মিয়াও ডাকাতি করে বেড়ান বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, জনতার ধাওয়ার সময় সুভাসের সঙ্গী ডাকাতরা পালিয়ে যায়।
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন সিলেটভিউ-কে জানান, শনিবার ভোর সাড়ে ৫.৩০ টার দিকে হাটখোলা ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় লোকজন সুভাসসহ ৩/৪ জনকে একটি রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশাযোগে পলানোর চেষ্টা করতে দেখেনে। এসময় তাদের ডাকাত বলে সন্দেহ হয় স্থানীয়দের। এসময় সুভাস ও তার সঙ্গীদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যেতে পারলেও সুভাস জনতার হাতে আটক হয়। পরবর্তীতে স্থানীয় উত্তেজিত জনতা সুভাসকে বেধড়ক মারপিট করেন।
খবর পেয়ে শিবেরবাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে সুভাসকে উদ্ধার করে আহত অবস্থায় ওসমানী হাসপতালে প্রেরণ করে। এসময় পুলিশ ডাকাত দলের ব্যবহৃত একটি অটোরিকশা এবং একটি রামদা ও তালা ভাঙার যন্ত্র জব্দ করে।
পুলিশ জানায়, সুভাসের বিরুদ্ধে সিলেট মহানগর ও সিলেট জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




