আসন্ন জাতীয় ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে সিলেট মহানগর আওয়ামী লীগ ও বিএনপি। দলকে সুসংগঠিত করার মিশন সফলে নগরের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ফেলেছে মহানগর বিএনপি। চলতি মাস থেকে সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে দলটি।

আর ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট মহানগর শাখা ইতোমধ্যে মেয়াদোত্তীণ ৯ টি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করেছে। এসএসসি ও সমমান পরীক্ষা থাকায় বাকি ইউনিটগুলোতে সম্মেলন কিছুটাই পিছিয়েছে। শিগগিরই অন্যান্য ইউনিটগুলোর সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। এমনটাই নগর আওয়ামী লীগের সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।


জানা যায়- ক্ষমতাসীনদের পাশাপাশি বিএনপিও প্রস্তুতি নিচ্ছে নির্বাচনকে সামনে রেখে। তবে সেটি নির্বাচনের নয়, আন্দোলনের। তাই আন্দোলন সংগ্রামে দলের নেতাকর্মীদের এককিত্র করতে জাতীয়তাবাদি দল বিএনপি সিলেট মহানগর শাখা নগরের বর্ধিত এলাকা ছাড়া সবকয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি দিয়েছে। শিগগিরই সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে বলে জানান সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক  আবদুল কাইয়ুম জালালী পংকী। 

তিনি সিলেটভিউ-কে বলেন- ‘আমরা দলকে সুসংগঠিত করতে প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করেছি। চলতি মাসে সম্মেলন করার চিন্তা করছি। আশাকরি আবারও তৃনমূল বিএনপি জেগে উঠে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে।’

এদিকে- নির্বাচন ও আন্দোলন সংগ্রামে দলের তৃনমূলকে ঐক্যবদ্ধ করে রাখতে সম্মেলনের মাধ্যমে কমিটি করছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। ইতিমধ্যে মহানগরের ৯টি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। বাকিগুলোও প্রক্রিয়াধীন রয়েছে। 

সংগঠনের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সিলেটভিউ-কে বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙে সম্মেলনের মাধ্যমে দলের পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করছি। ইতোমধ্যে ৯ টি ইউনিটের সম্মেলন করে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেছি৷ যদিও আজ (১৮ সেপ্টেম্বর) আমাদের আরেকটি ওয়ার্ডের সম্মেলন হওয়ায় কথা ছিল। কিন্তু চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে সেটা করা হয়নি৷ আমরা চাইনা সম্মেলনের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হোক। তাই আমরা সম্মেলন স্থগিত করেছি।’

শিগগিরই নগরের অন্যান্য ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি। 

ইতোমধ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ জানিয়েছে নির্বাচন কমিশন। সে অনুসারে আগামী বছরের মার্চে ভোটার তালিকা প্রণয়ন এবং জুনে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ। ২০২৩ সালের নভেম্বরের পর তফসিল ঘোষণা এবং  ২০২৪ এর জানুয়ারিতে ভোটগ্রহণ।


সিলেটভিউ২৪ডটকম / মুন্না / ডি.আর