দীর্ঘদিন ধরে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। সিডনি শহরে অত্যন্ত ব্যস্ত জীবন-যাপন করলেও অন্তরে তার দেশ মাটি ও মানুষ। সেই সাথে পবিত্র ইসলাম ধর্মের খেদমতের তাড়না। দেশপ্রেম ও ধর্মের প্রতি অনুরাগ থেকেই সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার কালাগুল দীঘিরপাড় গ্রামের ফজলুর রহমান প্রতিষ্ঠিত করেছেন ফাতেমা মসজিদ। এই মসজিদের পাশেই একটি হাফিজি মাদরাসা প্রতিষ্ঠার কাজও চলছে। সেটি হবে সম্পূর্ণ আবাসিক।
ফজলুর রহমান জানান, এই মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠিত হচ্ছে মনোরম প্রাকৃতিক পরিবেশে। এখানে প্রায় ৬ কেদার জমি জুড়ে আছে নানা ফলজ বাগান । এরমধ্যে আছে আম কাঁঠাল লেবু আনারসসহ অন্যান্য ফলমুলের গাছ।
তার উদ্দেশ্য, এখানে মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রতিষ্ঠিত ফাতেমা মসজিদে স্থানীয় মুসল্লিরা যেমন ইবাদত করবেন, তেমনি পবিত্র কোরআন মজিদ বুকে ধারণ করা পরহেজগার হাফিজ তৈরি হবেন, যারা একসময় সারাদেশে ইসলামের বাণী প্রচার করবেন, কোরআনের শিক্ষা ছড়িয়ে দিবেন।
সিলেট মহানগরীর আম্বরখানা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ত্রিশ টাকা ভাড়া দিয়ে এখানে মুসল্লি, শিক্ষার্থীরা ছাড়াও সাধারণ মানুষ নিরিবিলি পরিবেশে সময় কাটাতে যেতে পারবেন। তারা সেখানে অবস্থান করবেন, ইবাদত বন্দেগি করবেন- এমন উদ্দেশ্য নিয়েই তার এই প্রচেষ্টা।
তিনি আরও জানান, একজন রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশের কল্যাণে তিনি কাজ করছেন বিদেশে। তবে তার প্রতিষ্ঠিত এই মসজিদ ও মাদরাসা এবং বাগান সিলেটবাসীর দুনিয়া ও আখেরাতের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি স্থানীয় সর্বস্থরের মানুষ এবং সিলেটবাসীর আন্তরিক দোয়া ও সহযোগীতা চেয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/ইআ-১৩




