কুলাউড়ায় এনজিও উই আর ফ্রেন্ডস্ ফর হিউম্যান (ওয়াফ) এর বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগিতায় টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন বাজারেরক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে টিলাগাঁও ইউনিয়ন পরিষদে ৯ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে জনপ্রতি ২৬ হাজার টাকা মূল্যের উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান।
ওয়াফ এর নির্বাহী পরিচালক ও টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালিককের সভাপতিত্বে উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান ওয়াফের ধারাবাহিক মহতি কাজের জন্য ওয়াফের নির্বাহী পরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ওয়াফ স্থানীয় একটি এনজিও সংস্থা হলেও তারা মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকে।
বিশেষ করে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে সহায়তা করে থাকে। ২০০৭ সাল থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) অন্যান্য ক্ষুদ্র এনজিওদের মত ওয়াফকে প্রতি বৎসর ধারাবাহিকভাবে প্রকল্প সহযোগিতা করে থাকে যার ধারাবাহিকতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনে সহযোগিতায় আজ ৯ জন ক্ষদ্র ব্যবসায়ীদের মাঝে আর্থিক স্বচ্ছলতা আনার ক্ষুদ্র প্রযাস স্থাপন করল। এ ৯ জন ক্ষুদ্র ব্যবসায়ী ওয়াফের সহযোগিতায় প্রাপ্য উপকরণ ও নগদ অর্থের মাধ্যমে তারা পারিবারিক ও ব্যবসায়ীকভাবে স্বাবলম্বী হতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওয়াফ এর নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিক জানান, ৯ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে জন প্রতি কাঠের টেবিল ২টি, প্লাস্টিক চেয়ার ১৫টি, কেটলি ২টি, কাপ-প্লেট ২৪টি, গ্যাসের সিলিন্ডার ১টি, গ্যাসের চুলা- ১টি (ফিটিংসসহ), চা পাতা, চিনি, দুধ, বিস্কুট, সাইনবোর্ড ১টিসহ প্রতিজনকে মোট ২৬ হাজার টাকার উপকরণ বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-০৮




