সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্ধারণ নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনের জন্য নির্বাচনের তারিখ নির্ধারণের করতে লিখিতভাবে দাবি জানানো হয়েছে।
শনিবার (১ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ বরাবরে সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ‘নিশি কান্ত পাল ও আমিনুল ইসলাম ওয়েছ’ ওই লিখিত দাবী করেন।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর উপজেলার দেওকলস ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি পদে চেরাগ আলী নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে দেখাদেয় জটিলতা। উপস্থিত সময়ে আলোচনা সাপেক্ষে ওই জটিলতা নিরসন করতে না পেরে সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে এবং নির্বাচনের তারিখ পরবর্তিতে দেওয়া হবে বলে ঘোষণা দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রুপন। কিন্তু সময় পেরিয়ে যেতে থাকলেও নেতৃবৃন্দ নির্বাচনের তারিখ এখনও দিতে পারেননি। ফলে এনিয়ে দলীয় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ ও উত্তেজনা।
এব্যাপারে উপজেলার দেওকলস ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিশি কান্ত পাল ও আমিনুল ইসলাম ওয়েছ জানান, ওয়ার্ডের সাধারণ সম্পাদকের নির্বাচন নিয়ে তারিখ দেয়া হবে, হচ্ছে বলে সময় অতিবাহিত করা হলেও আর তারিখ দেয়া হচ্ছেনা। কেন ওই সময় ক্ষেপন করা হচ্ছে তা আমরা বুঝে উঠতে পারছি না? তাই দলের স্বার্থে তারা দ্রুত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের নির্বাচনের তারিখ দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, সাংগঠনিক টিমের সাথে আলাপ করে বিষয়টি দ্রুত সমাধানের ব্যাপারে কার্যকর প্রদক্ষেপ নেওয়া হবে। এনিয়ে কোন প্রকার উত্তেজনা ও বিশৃংখলা করার প্রয়োজন নেই।
দলীয় স্বার্থ রক্ষার জন্য সবাইকে ধৈর্য্যধারণ করার জন্য আহবান করেন তারা।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২২




