আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের কর্মপরিকল্পনা ঠিক করার আগে জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের মতামত নেওয়ার জন্য বিএনপি যে মতবিনিয় কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২ অক্টোবর) সিলেট ও ময়মনসিংহ বিভাগের নেতাদের দলটির হাই কমান্ডের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে এই দুই বিভাগের বিএনপি নেতারা বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চান তারা।
রবিবার বিকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগভিত্তিক নেতাদের মতবিনিময় সভায় বিএনপির হাইকমান্ডকে এমন পরামর্শ দেন তারা।
সভায় নির্বাচনকালনীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না বলেও মতামত দেন ওই দুই বিভাগের নেতারা।
তারা বলেন, আগামী দিনের আন্দোলন নিয়ে জেলা ও মহানগর নেতাদের কাছে পরামর্শ চান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভাগীয় সমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি চায় বিএনপি হাইকমান্ড। এজন্য সভায় নানা দিক-নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সঙ্গে জেলা ও মহানগরে কোনো কোন্দল থাকলে তা সমাধানের ওপর জোর দেয় হাইকমান্ড। সমাবেশে সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার বিষয়ে যা যা করার দরকার, তা করতে নেতাদের নির্দেশও দেওয়া হয়।
প্রায় তিন ঘণ্টার ওই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগের নেতাদের মধ্যে কাইয়ুম চৌধুরী, কলিম উদ্দিন মিলন, নাছের রহমান, জিকে গউছ, শাম্মী আখতার এবং ময়মনসিংহ বিভাগের নেতাদের মধ্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এ এম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, আবদুস সাত্তার পাটোয়ারি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং উপস্থিত ছিলেন।
তৃণমূলের পরামর্শেই নতুন কর্মসূচি সাজাতে চায় হাইকমান্ড। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে কেমন ভূমিকা থাকবে, তা নিয়ে তৃণমূল নেতাদের পরামর্শ নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঙ্গলবার পর্যন্ত ধারাবাহিকভাবে ১০ সাংগঠনিক বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবে দলটি। এর অংশ হিসেবে শনিবার বিকালে চট্টগ্রাম ও খুলনা বিভাগের জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সঙ্গে সভা হয়। সোমবার বিকালে বিএনপির কুমিল্লা, রাজশাহী ও রংপুর বিভাগের সভা হবে।
সভা শেষে বিএনপির মহাসচিবসহ কেন্দ্রী নেতারা এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
উল্লেখ্য, গত বুধবার ১০ সাংগঠনিক বিভাগে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। সেই কর্মসূচির অংশ হিসেবে ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।
এ ছাড়া আন্দোলন করতে গিয়ে নিহত আবদুর রহিম, নূরে আলম, শাওন, আবদুল আলিমের প্রতি 'শ্রদ্ধা জানানোর জন্য' ৬ অক্টোবর দেশের সব মহানগর পর্যায়ে এবং ১০ অক্টোবর সব জেলা পর্যায়ে শোক র্যালি করবে দলটি।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




