হবিগঞ্জের চুনারুঘাটে হাত ও পা বাঁধা অবস্থায় এখলাছ মিয়া (২৭) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

চুনারুঘাট থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত এখলাছ মিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মোঘড়াপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।



চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ জানান, এখলাছ গত বুধবার তার ইজিবাইকটি নিয়ে বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার সকালে দেউন্দি চা-বাগানের ১৫ নম্বর সেক্টর লাইনের পাশের একটি ঝোপে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।


ওসি আরও জানান, এখলাছ মিয়ার মরদেহে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত রয়েছে। ঘটনাস্থলে তার ইজিবাইকটি পাওয়া যায়নি। এ নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৩