নারীদের এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের আগে আত্মবিশ্বাস বেশ উঁচুতেই রেখেছে বাংলার কন্যারা।
ভারতের বিপক্ষে লড়াই করতে নিশ্চিতভাবেই শক্তিমত্তার পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। তবে ভারতকে সমীহ করলেও, নিজেদের প্রক্রিয়ার উপর আস্থা রাখতে চায় টাইগ্রেসরা।
এই নিয়ে গণমাধ্যমকে বাংলাদেশ দলের ওপেনার মুর্শিদা খাতুন জানিয়েছেন নিজেরাও, বেশ শক্তিশালী। ভারতের থেকে পিছিয়ে রাখছেন না নিজেদেরকে। ঘরের মাঠে খেলছেন, একইসাথে দলও পারফর্ম করছে। নিজেদের ক্রিকেটারদের সামর্থ্যের উপর আস্থা রাখতে চান তারা।
মুর্শিদা বলেন, ‘ওরা (ভারত) তো আমাদের চেয়ে অনেক শক্তিশালী। আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে, অনেক ভালো। সম্প্রতি ইংল্যান্ডে খেলে আসলো। ওরা অনেক ভালো আমাদের থেকে। আমরাও মোটামুটি ভালো শেপে আছি ব্যাটার কয়েকজন। আমরা যদি নিজেদের প্রসেস অনুযায়ী খেলতে পারি, রোল অনুযায়ী খেলতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ‘
‘ওদের বোলিংটাও শক্তিশালী। তিন বিভাগেই শক্তিশালী। আমরাও সিমিলার কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর আমাদের ঘরের মাঠে খেলা। আমরা যদি তিনটা বিভাগেই ভালো করতে পারি ভালো কিছু হবে। যে প্রসেস অনুযায়ী আমাদের বোলিং এগিয়ে যাচ্ছে সালমা আপু আছে, মেঘলা আছে, নাহিদা আছে। উনারা অনেক ভালো করছে। যদি ওই ফ্লোতে যায়, ইন শা আল্লাহ ভালো কিছু হবে।’
মুর্শিদা আরও বলেন, ‘ভারতের বিপক্ষে ভালো খেলার চিন্তা আমার সবসময় বেশি থাকে। প্রস্তুতি ভালো থাকে। আমি নিজের রোল অনুযায়ী খেলবো কে বল করছে ওটা দেখবো না। আমি যেটা খেলতে পারি ওটাই চেষ্টা করবো।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১১




