আগামীকাল মঙ্গলবার (১১ অক্টোবর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব-এর ১৪ তম আসরের প্রথম বিভাগীয় স্ক্রিনিং। এ উৎসবে ৯০ টিরও বেশি দেশ থেকে মোট ১১৪৭ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। এ উৎসবের মূল আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ হলেও সহযোগী হিসেবে রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) এবং এডওয়ার্ড কেনেডি সেন্টার।
জানা যায়- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে এ উৎসব এর বিভাগীয় প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে। এ পর্বে সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সিলেট পর্ব শেষে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাঙ্গামাটি ও চট্টগ্রামে চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হবে।
মঙ্গলবার স্ক্রিনিং দুটি সেশনে অনুষ্ঠিত হবে। প্রথম স্ক্রিনিং সেশনটি সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, পরবর্তী সেশনটি ২ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
স্ক্রিনিং প্রোগ্রাম বিনামূল্যে উপভোগ্য এবং সকলের জন্য উন্মুক্ত।
উল্লেখ্য যে- IIUSFF এর যাত্রা শুরু হয় ২০০৭ সালে। তরুণ বিশ্ববিদ্যালয়গামী চলচ্চিত্র নির্মাতাদের তাদের প্রতিভা প্রদর্শনের জন্য একটি বৃহত্তর মঞ্চ প্রদানের উদ্দেশ্য সামনে রেখে প্রতিবছর এই আয়োজন করে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না




