বজ্রপাতে নিহত বদরুল
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে বদরুল আলম বদিল (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চিকাডহর গ্রামের মৃত বাতির আলীর ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় শাহ আরিফ টিলায় এই ঘটনা ঘটে। বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা নগদ সহায়তা নিয়ে আসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস।
বদরুল আমল বদিলের ৬টি ছেলে-মেয়ে রয়েছে। তাদের মধ্যে ৫ জন মেয়ে ও পাঁচ বছর বয়সের একটি ছেলে। উপার্জনকারী একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার।
বদিলের স্ত্রী আম্বিয়া বেগম বলেন, আমার পরিবারের একমাত্র রোজগার ব্যক্তি ছিলেন আমার স্বামী। প্রতিদিন কাজে গিয়ে যা পেতেন তা দিয়ে কোনমতে আমাদের সংসার চলত। এখন আমাকে কে খাবার এনে দিবে। আমি যে অসহায় হয়ে গেলাম। এই ৬টি সন্তান নিয়ে আমি কার দোয়ারে গিয়ে দাঁড়াব।
জানা যায়, সোমবার দিবাগত রাতে মইট্রাটিলা এলাকায় মাছ ধরতে যান বদিল। রাতে আর বাড়ি ফেরেননি। সকাল সাড়ে ৮টায় বাড়ি ফেরার পথে শাহ আরেফিন টিলা সামছু মিয়ার বাড়ি সামনে আসলে বজ্রপাতের কবলে পড়েন তিনি। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিন আসরের নামাজের পর চিকাডহর জামেমসজিদ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহর সুরতহাল করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-০৭




