দুর্দান্ত বোলিং করেন দীপ্তি শর্মা। ছবি: এসিসি।

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের সেমিফাইনালে ওঠেছিল থাইল্যান্ড। তাদের চোখেমুখে খেলা করছিল ফাইনালের স্বপ্ন। কিন্তু আপাতত সেই স্বপ্ন ডানা মেলতে পারেনি। পরাশক্তি ভারতে কাটা পড়ে গেছে থাই মেয়েদের স্বপ্নঘুড়ির নাটাই।

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সকালে হয় ম্যাচটি।


টস জিতে বোলিং বেছে নেয় থাইল্যান্ড। স্যাঁতসেঁতে আবহাওয়াকে কাজে লাগিয়ে ভারতকে ছেপে ধরতে চেয়েছিল তারা। কিন্তু সেটা কাজে লাগেনি। ভারত ফেভারিটদের মতোই ব্যাটিং করে গেছে দাপট দেখিয়ে।

২৮ বলে পাঁচটি চার ও একটি ছয়ে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ওপেনার শেফালি ভার্মা। অধিনায়ক হারমানপ্রিত ৩০ বলে ৩৬, জেমিমাহ রদ্রিগেজ ২৬ বলে ২৭, পূজা ভাস্ত্রকার ১৩ বলে অপরাজিত ১৭ রানের ইনিংস খেলেছেন।

৬ উইকেট হারিয়ে ভারত দাঁড় করায় ১৪৮ রানের বড় সংগ্রহ। দারুণ বোলিংয়ে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন স্বর্ণারিন টিপ্পছ। একটি করে উইকেট নিয়েছে নাত্তায়া বোছাথাম, ফান্নিতা মায়া ও থিপাছা পুত্তাওয়াং।

ভারতের রান পাহাড় টপকাতে ব্যাটিংয়ে দারুণ কিছু করতে হতো থাই মেয়েদের। কিন্তু হলো উল্টোটা। দীপ্তি শর্মাদের দুর্দান্ত বোলিংয়ে থাইল্যান্ড করতে পারলো ৯ উইকেটে ৭৪!

৭ রানে প্রথম উইকেট হারানোর পর ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়েছে ভারত। থাই অধিনায়ক নারুইমল ছাইওয়াই ৪১ বলে ২১ ও নাত্তায়া বোছাথাম ২৯ বলে ২১ রান করেছেন।

দীপ্তি শর্মা ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। রাজেশ্বরী ৪ ওভারে ১০ রানে ২টি এবং রেনুকা, স্নেহ রানা ও শেফালি ভার্মা একটি করে উইকেট দখল করেন।

ব্যাটে-বলে কার্যকর থাকা শেফালি ভার্মার হাতে ওঠে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

আজ দ্বিতীয় সেমিতে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যে যে দল জিতবে, তাদের বিপক্ষে আগামী শনিবার ফাইনাল খেলবে ভারত।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে