সিলেটের জৈন্তাপুরে জাফরাং নদীর নিদিখাল মাদ্রাসা সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে নদী বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা। বাধঁ নির্মাণের ফলে মালিকানা ফসলী জমির উপর দিয়ে পানির প্রবাহ সৃষ্টি হয়ে নদী গর্ভে বিলিন হচ্ছে ফসলী জমি। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর মডেল থানা ও উপজেলা চেয়ারম্যানের সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের। ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
স্থানীয় টিটন, হরমুজ আলী, লাদেন মিয়া, ইব্রাহিম আলী, জমির মালিক আব্দুল হান্নানসহ অনেকেই জানান- কোনো প্রকার সরকারি ইজারা কিংবা লিজ গ্রহণ না করে প্রভাবশালী একটি চক্র জাফরাং নদীর নিদিখাল মাদ্রাসা সংলগ্ন এলাকায় বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক গতিরোধ করে মাছ আহরণের জন্য পানি আটক করে। ফলে অতিরিক্ত পানি জমে আব্দুল হান্নানের মালিকানাধিন ফসলি জমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জমির বেশ কিছু জায়গা ইতোমধ্যে পানির স্রোতে নদীগর্ভে বিলিন হয়েছে। এ ক্ষতির ধারাবাহিতা অব্যাহত রয়েছে।
জমির মালিক আব্দুল হান্নান এ নিয়ে প্রতিবাদ করলে ওই প্রভাবশালী চক্রের সদস্যরা তাকে হুমকি-ধমকি দিচ্ছে বলে তাঁর অভিযোগ। ফসলি জমি রক্ষার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জৈন্তাপুর মডেল থানা এবং উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) নিখিল চন্দ্ররায় ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা পান বলে প্রতিবেদককে জানিয়েছেন। তিনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত প্রতিবেদন দাখিল করবেন বলে জানান।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী বলেন- বিষয়টি জেনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমি সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
সিলেটভিউ২৪ডটকম / সাব্বির / ডি.আর




