ছাতক-দোয়ারাবাজারের উত্তর সুরমাবাসীর স্বপ্ন পূরণ হতে চলছে। সুরমা নদীর উপর নির্মিত ব্রীজের উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৯ অক্টোবর বহুল প্রত্যাশিত এই ব্রিজের উদ্বোধন করা হবে। সে লক্ষ্যে শেষমূহর্তের কাজ দ্রুত এগিয়ে চলছে। দিন রাত কাজ করছেন শ্রমিকরা। ফলে ১৬ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে সুরমা ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৩ আগস্ট সুরমা ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করে বিএনপি জোট সরকার। সরকারের একটি বিশেষ প্রকল্পের আওতায় ২০০৬ সালে জানুয়ারীতে ১৮ কোটি টাকা ব্যয়ে শুরু হয় ব্রিজটির কাজ। সময় বেঁধে দেয়া হয়েছিলো তিন বছর। শুরু হওয়ার এক বছরের মধ্যে ৮ কোটি টাকা ব্যয়ে ব্রিজের চারটি স্তম্ভ (পিলার) নির্মাণ করা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এরপর প্রকল্পটি এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) থেকে বাতিল করা হয়। ২০১০ সালে এ সেতুটির অসমাপ্ত কাজ শেষ করার জন্য ৫১ কোটি টাকার একটি নতুন সংশোধিত প্রকল্প যোগাযোগ মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। এই আবেদনের পরে আবার নতুন করে ২০২০ সালে ১১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য সওজ-এর প্রধান কার্যালয়ে পাঠানো হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদ ( একনেকে ) ১১৩ কোটি টাকা ব্যয়ে সুরমা ব্রিজের পুন:নির্মাণ প্রকল্পটি অনুমোদন লাভ করে। এরপর নেভিগেশন, এ্যাপ্রোচ, ভূমি অধিগ্রহণসহ দফায় দফায় কয়েকটি প্রকল্প অনুমোদন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ ১৬ বছর অনেক বাধা-বিপত্তি, গড়িমসি ও চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে বর্তমানে ব্রিজটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। গত জুন মাসে ব্রিজটি উদ্বোধনের কথা থাকলেও ভয়াবহ বন্যার প্রচণ্ড স্রোতে এ্যাপ্রোচ রোড ভেঙ্গে পানিতে ভেসে যাওয়ায় ব্রিজটি চালু করা সম্ভব হয়নি।
এদিকে, ছাতকে সুরমা নদীর উপর সুরমা ব্রিজ নির্মাণ ছাড়াও গোবিন্দগঞ্জ ছাতক দোয়ারাবাজার সড়কে আরো ৯টি ব্রিজ উদ্বোধনের অপেক্ষায়। সুরমা ব্রিজ, এ্যাপ্রোচ, টোলপ্লাজাসহ এই ১০টি ব্রিজ নির্মাণে ব্যয় হচ্ছে আড়াই’শ কোটি টাকার উপরে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্র জানায়, সুরমা ব্রিজের উভয়পাশে সংযোগ সড়ক নির্মাণ করতে গিয়ে ভূমি অধিগ্রহণ সমস্যায় পড়ে সওজ। বাজার দরের চেয়ে তিনগুণ বেশি ক্ষতিপূরণ দাবি করে ভূমি মালিকরা উচ্চ আদালতে ১৭টি মামলা দায়ের করেন। ফলে সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ আটকে যায়।
সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী মাসুম আহমদ সিদ্দিকী জানান,আগামী ২৯ অক্টোবর ছাতকের সুরমা ব্রিজসহ সারাদেশের ১০০টি নতুন ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে দ্রুত চলছে সুরমা ব্রিজের অসমাপ্ত আনুষাঙ্গিক কাজ। এবারের কাজের মান অনেক ভালো বলেও মন্তব্য করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০৪




