নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ সরকারি দলের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। এতে বড়লেখা পূজা উদযাপন পরিষদ একাত্মতা প্রকাশ করে।
এসময় বড়লেখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু ও সদস্য সচিব প্রকৃতি চৌধুরী, বড়লেখা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক রঞ্জিত পাল, বড়লেখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি সুজিত দেবনাথ ও সাধারণ সম্পাদক সুজিত দাস, সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বড়লেখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য শিমুল দাস, দুলন দে, সুজিত দাস, সন্দিপ দাস. ভুবেনশ্বর পাল ঝন্টু, ডা. অচিন্ত দাস, তালিমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গীতেশ রঞ্জন, বড়লেখা পূজা উদযাপন পরিষদের পৌর শাখার আহ্বায়ক সঞ্জিত দেবনাথ ও সদস্য সচিব উজ্জল ঘোষ, বড়লেখা হিন্দু যুব পরিষদের সভাপতি অজিত দাস, সাধারণ সম্পাদক সুমিত দাস, বড়লেখা ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সুজিত পুরকায়স্থ, যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস, সদস্য সুজিত দাস ও রাম কৃষ্ণ, বড়লেখা পূজা উদযাপন পরিষদের সদর ইউনিয়ন শাখার সভাপতি নরেশ দে ও সাধারণ সম্পাদক নিভলু দে প্রমুখ উপস্থিত ছিলেন।
.png)
এদিকে কর্মসূচি চলাকালে বিকেল সাড়ে তিনটায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে বড়লেখা প্রেসক্লাব। এসময় প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাসের নেতৃত্বে সাংবাদিক আব্দুর রব ও তপন কুমার দাস অনশরত সংগঠনের নেতৃবৃন্দদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব প্রকৃতি চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা গণঅনশন কর্মসূচি পালন করছেন। তিনি বলেন, ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের দেওয়া প্রতিশ্রুতিগুলো আজও বাস্তবায়ন হয়নি। দাবিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু




