সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, আমি সব সময়ই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করি। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবই। আর দেশের শীর্ষ ১২ জন দুর্নীতিবাজের বিরুদ্ধে কঠোর হস্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেই দেশে ৫০% দুর্নীতি কমে যাবে। এই কয়েকজন দুর্নীতিবাজের কারণেই আজ দেশের মালিক জনগণ নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। আগামী প্রজন্মকে সুন্দর ও সমৃদ্ধশালী একটি দেশ উপহার দিতে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 


তিনি রোববার (২৩ অক্টোবর) সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় নিজের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

এমপি মোকাব্বির আরও বলেন- আজকে যারা কোমলমতি শিক্ষার্থী, তারাই আগামীতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে। তাদের মা-বাবা এখন থেকে স্বপ্ন দেখছে তাদের সন্তানেরা আগামীতে মানুষের মতো মানুষ হবে। কিন্তু আজকের শিক্ষা ও সমাজ ব্যবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আর এজন্য দায়ী আমাদের নোংরা রাজনীতি। বর্তমান চলমান অপরাজনীতি শিক্ষাঙ্গন থেকে জাদুঘরে পাঠিয়ে শিক্ষার্থীদেরকে সুশিক্ষার পরিবেশ গড়ে দিতে হবে আমাদেরকেই।

 

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল খয়ের, প্রতিষ্ঠাতা কমিটির সাধারণ সম্পাদক আবুল বশর চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক জামাল আহমদ, স্থানীয় সাবেক মেম্বার আজম আলী, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রুহেল আহমদ কালু, সংগঠক নুরুল ইসলাম আজাদ। 

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী আব্দুস শাকুর, স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা লায়েক আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী হাবিব আহমদ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষায় আব্দুল হান্নান, আরবি ভাষায় বাহা উদ্দিন মাছুম ও বাংলা ভাষায় তায়্যিবাহ আক্তার খাদিজা বক্তব্য রাখেন। 

 

এসময় অনুষ্ঠানে স্থানীয় এমপি মোকাব্বির খানকে মাদ্রাসা ও এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ ৫ লাখ টাকা বরাদ্দের প্রতিশ্রুতি প্রদান করেন এমপি মোকাব্বির খান।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/মুন্না