সুনামগঞ্জের দিরাইয়ে নিখোঁজের ১ দিন পর স্নিগ্ধা নামের এক শিশুর লাশ পাওয়া গেছে। সোমবার (২৪ অক্টোবর) বেলা ১টার দিকে রাজানগর ইউনিয়নে চরনারচর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে ভেসে আসা লাশ এক জেলের জালে ধরা পরে।
স্নিগ্ধা দাশ (৯) শাল্লা উপজেলার কাসিপুর গ্রামের বিপ্রেস চন্দ্র দাশের বড় মেয়ে।
এরআগে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্নিগ্ধা অন্য শিশুদের নদীতে গোসল করতে দেখে তার ছোট বোনের সাথে পানিতে নামে যায়। এসময় সে নদীর স্রোতে পরে ডুবে যায়। তাৎক্ষণিক বাড়ির এক মহিলা স্নিগ্ধার ছোট বোন মনোশ্রীকে পানিতে দেখতে পেয়ে তাকে পাড়ে তুললেও স্নিগ্ধাকে পাননি। বোন ডুবে গেছে বলে ওই মহিলাকে জানায় মনোশ্রী। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। অন্যদিকে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তার কোন সন্ধান মিলেনি।
স্নিগ্ধা গত শনিবার মামার বিয়ে উপলক্ষে তার মায়ের সাথে উপজেলার রাজানগর ইউনিয়নের জটিচর গ্রামে বেড়াতে এসেছিল।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/মুন্না




