বাংলাদেশ এবং কাতারের মধ্যে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারলেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং কাতারের পক্ষে স্বাক্ষর করেন কাতার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আকিল আল নাবিত।
এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যদিয়ে কাতারের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যকার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করবে।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং কাতার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আল নাবিত-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হয়।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/পিডি




