মৌলভীবাজারে শাকিলা ও নয়নতারার জাঁকজমকপূর্ন বিয়ে সম্পন্ন হলো। অভিভাবকহীন এতীম এই দুই কন্যার অভিভাবক হলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের প্রচেষ্টায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বেড়ে উঠে দুই কন্যা শাকিলা ও নয়নতারা। বৃহস্পতিবার জাঁকজমক ও আড়ম্বরপূর্ণভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে প্রায় তিনশ'অতিথির খাবারের আয়োজন করা হয়।
বিয়ের অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান বাবুলসহ সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দুই কন্যা শাকিলা ইসলাম ও নয়নতারা। ওদের মধ্যে শাকিলা ইসলামের বিয়ে হয় আল আমিনের সঙ্গে এবং নয়নতারার বিয়ে হয় মো. সাব্বিরের সঙ্গে।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী জেনারেল ম্যানেজার একেএম মিজানুর রহমান জানান, এরা আমার মেয়ের মত। এদের বিয়েতে যাতে কোনো ধরনের কমতি না হয় এজন্য সব আয়োজন করা হয়। জেলার সর্বস্তরের মানুষ এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার দুই কন্যার জন্য দোয়া করেছেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের দুই কন্যার প্রশিক্ষক মো. শামীমুর রহমান জানান, ‘দুই তরুণী সিলেট সমাজসেবা পরিচালিত শিশু পরিবার থেকে দুইবছর হলো এখানে এসেছে। নয়নতারা ট্রেইলারিং ও শাকিলা ড্রাইভিং শিখেছে। পাশাপাশি বর আল আমিন টিউবওয়েল মিস্ত্রি এবং সাব্বির সিএনজিচালিত আটোরিকশার চালক।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, একজন পিতা তার কন্যাদের যেভাবে বিয়ে দেন, তেমনি এ কন্যাদের পিতা হিসেবে একজন কন্যাদায়গ্রস্ত পিতার মতো আমি তাদের বিয়ে দিচ্ছি। সকল নিয়ম, সকল আনুষ্ঠানিকতায় এ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই নবদম্পতিকে এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা উপহার দেওয়া হয়েছে।
সিলেটভিউ২৪.কম/মাহি




