প্রতিবছর সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের পড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে মানবসেবায় অবদান রাখছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।  


শুক্রবার (২৮ অক্টোবর) চার শিক্ষার্থীকে সেলাই মেশিন দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। ওই চার শিক্ষার্থী কিন স্কুলের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। 



সেলাই মেশিন শিক্ষার্থীদেরকে উপহার দেয়ার পূর্বে চার মাস ব্যাপী একজন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে ‘কিন’।


শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে ওই শিক্ষার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেন সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা। এসময় শিক্ষার্থীদরকে সনদপত্রও প্রদান করা হয়। 


কিনের সদস্যরা জানান- বিগত বছর ‘কিন সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২১’ এ কিন-স্কুলের তিন শিক্ষার্থীকে সেলাই মেশিন উপহার এবং প্রশিক্ষণ সনদপত্র প্রদান করেছিল। এবার ‘কিন সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২২’ এর আওতায় চার শিক্ষার্থীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। 


এ বিষয়ে কিনের স্বেচ্ছাসেবীরা বলেন, ‘শিক্ষা মানুষকে জ্ঞানের আলো দান করে, মানুষে মানুষে সম্প্রীতি বাড়ায় এবং সংস্কৃতি ও সভ্যতাকে করে সমৃদ্ধ। তাই শিক্ষা জীবনের সঙ্গে সম্পৃক্ত। আর জীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষাই কর্মমুখী শিক্ষা। বর্তমান বিশ্বে উন্নয়ন এবং উন্নতির লক্ষ্যে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।’


তাই সাধারণ শিক্ষার পাশাপাশি কিন-স্কুল সবসময়  শিক্ষার্থীদের কর্মমুখী ও কারিগরি শিক্ষা প্রদানের দিকে নজর দিয়ে থাকে বলে জানান কিনের স্বেচ্ছাসেবীরা। 

 


উল্লেখ্য, চেনা হোক প্রতি মুখ, শিক্ষার আয়নায়' মূলমন্ত্র ধারণ করে ২০০৪ সালের ২৬ শে মার্চ থেকে কিন স্কুলের নিরন্তর পথচলার শুরু। কিন-স্কুল কিনের অন্যতম একটি উইং যেখানে শাবির পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষাদান করে।

 

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নাচ, গান, ছবি আঁকা, খেলাধুলা সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/মুন্না