রাতে গরম আর ভোরে কাঁথামুড়ি দেয়ার ঠান্ডা। সিলেটের আকাশে সূর্যের আলোকে ফুটতে হচ্ছে কুয়াশা ভেদ করে। সিলেট অঞ্চলের আবহাওয়া কয়েকদিন ধরে এমনই। প্রকৃতি শীত আসছে বলে এভাবেই মানুষকে জানান দিচ্ছে। মানুষও প্রস্তুতি নিচ্ছেন শীত বরণে।

সিলেটে আজ শনিবার (২৯ অক্টোবর) ভোরে বেশ ঘন কুয়াশা দেখা গেছে। সকাল ৮টা পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা মিলেছে। গ্রামের দিকে এর ঘনত্ব বেশি ছিলো। জমিতে ধান গাছের ডগায় দেখা গেছে বিন্দু বিন্দু শিশির।


গত দুদিন ধরে সিলেটে ভোরে ঘন কুয়াশার কারণে রাস্তায় যানবাহন চলতে দেখা গেছে ধীরগতিতে। ওই সময় হেডলাইট জ্বালিয়ে চলতে হয়েছে বাস-ট্রাককে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত তিন-চার দিন ধরে এখানে তাপমাত্রা কমছে। আগামী দুয়েকদিনের মধ্যে বৃষ্টি না হলে আবারও ঘন কুয়াশা পড়তে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও কমে আসবে, বাড়তে থাকবে শীত।

সিলেট আবহাওয়া অফিস আরও জানায়- দেশের উত্তরাঞ্চল অর্থাৎ- সিলেট বিভাগের শ্রীমঙ্গল পয়েন্ট দিয়ে দেশে শীত প্রবেশ করবে। এছাড়াও  উত্তরপশ্চিমের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া দিয়েও শীত প্রবেশ করবে দেশে। 

সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন- আগামী ২০ নভেম্বর থেকে সিলেটে শীত অনুভূত হতে পারে। এর আগ পর্যন্ত সময়টাকে অর্থাৎ- শীত আসার আগের সময়টাকে ট্রানজিশন পিরিয়ড অথবা হেমন্তকাল বলে। নভেম্বরের মাঝামাঝি থেকে শীতের আমেজ শুরু হলেও মূলত ডিসেম্বর থেকে শীতকাল শুরু হয়।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম