সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতিচাঁনের মরদেহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য স্কুল প্রাঙ্গনে নেয়া হবে।
রবিবার (৩০ অক্টোবর) সকাল দশটায় তার মরদেহ স্কুলের শহিদ মিনার প্রাঙ্গনে রাখা হবে।
সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
সেখানে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো শেষে দুপুর দেড়টায় মিরাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরাপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মতিচাঁন শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




