দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক হোসাইন আহমেদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় মৌলভীবাজার শহর পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে একটি প্রাইভেটকার ও ৩টি মোটরসাইকেলে এসে তার ওপর অতর্কিতে হামলা করে দুর্বৃত্তরা।

হোসাইন আহমদ জানান, তিনি নিজ অফিস থেকে মোটরসাইকেলযোগে পোশাক আনার জন্য ট্রেইলারের দোকানে যাচ্ছিলেন। এই সময় তিনি শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। পরে গাড়ি থেকে দেশীয় অস্ত্র বের করে সন্ত্রাসীরা তাকে বেদড়ক মারধর করে দ্রুত পালিয়ে যায়।  পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। 


মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর হাসপাতালে হোসাইনকে দেখতে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক।

এ সময় মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। 

সিলেটভিউ২৪ডটকম/লাভলু