সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এইচএসসি-২০২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল আবু হায়দার মো. আসাদুজ্জামান, পিএইচডি।

 



পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হলে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন। অতঃপর শ্রেণি-শিক্ষকগণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

 

 

বিদায়ী শিক্ষার্থীদের প্রবেশপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অধ্যক্ষ এবং ভালো ফলাফল ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল আবু হায়দার মো. আসাদুজ্জামান, পিএইচডি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন- ‘শিক্ষার্থীদের এ বিদায় শিক্ষা জীবনের ধারাবাহিকতার একটি অংশ, প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের কখনো বিদায় হয় না। তোমরা সবসময় তোমাদের এ প্রিয় প্রাঙ্গণে আসবে এটাই প্রত্যাশা। এই বিদ্যানিকেতনের অভিজ্ঞতা ও ঐতিহ্য যেন হয় তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রেরণা। তোমাদের সততা, অধ্যবসায় ও কর্তব্যনিষ্ঠা, সংযত আচরণ, বিনম্র মনোবৃত্তি, সুনির্দিষ্ট লক্ষ্যাভিসার এবং গভীর পাঠানুরাগ তোমাদের দান করুক মহত্তর চারিত্রিক সম্পদ। তোমাদের যাত্রাপথ নতুন নতুন সাফল্যে ভরে উঠুক, জীবন হোক সুন্দর ও সার্থক। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তোমাদের অগ্রণী ভূমিকা থাকবে এবং তোমরাই হবে সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশের কাণ্ডারি। তোমাদের নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।’

 

 

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে অবদান রাখতে আহ্বান জানান এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদায়ী শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন, মানবিক গুণে সৃষ্টিশীল এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হওয়ার আহ্বান জানান। 

 

 

পরিশেষে অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না