আগামী ৭ নভেম্বর উদ্বোধন হবে সিলেট বিভাগের সর্ববৃহৎ ‘রাণীগঞ্জ সেতু’। ১৫৫ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী উপর নির্মিত এ সেতুটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটির উদ্বোধন ঘিরে জগন্নাথপুর উপজেলাসহ সুনামগঞ্জ জেলাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

 


রাণীগঞ্জ সেতু উদ্বোধন উপলক্ষে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে কর্মী সভার আয়োজন করে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, ‘রানীগঞ্জ সেতু আমাদের জন্য পদ্মাসেতু। এতে আমাদের আনন্দের সীমা নেই। মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এখান দিয়ে বেড়িয়ে যাবে। এই রাণীগঞ্জের ঐতিহ্য ছিল অতীতে। এখানে বিশাল বন্দর ছিল। ইনশাআল্লাহ তার থেকেও বিশাল উন্নয়ন পাবে রাণীগঞ্জ। এই সেতু খোলার সঙ্গে সঙ্গে সারাদেশে রাণীগঞ্জের নাম আবার পরিচিত হবে।’

 

মন্ত্রী আরও বলেন- ‘ইতোমধ্যে রাণীগঞ্জে একটি প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। এগ্রিকালচার ট্রেনিং ইনিস্টিটিউটের কাজও শুরু হয়ে যাবে। এছাড়াও আরও অনেক কাজ হবে।’

 

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

 

অনুষ্ঠিত ওই কর্মী সভায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথীকে শুভেচ্ছা জানান পরিকল্পনামন্ত্রী।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য হাজী মাহতাব উল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক, বর্তমান প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকারিয়া/মুন্না-১৩