ছবি: এআই।

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা-বাগানের একটি ঝোপ থেকে কার্টুনে রাখা এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার সময় তারাপুর চা-বাগানের শহীদ মিনারসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

 


জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে চা-বাগানে কাজ করতে যান স্থানীয় এক চা-শ্রমিক। এ সময় ঝোপের মধ্যে একটি কার্টুন দেখতে পেয়ে কাছে গিয়ে তার ভেতরে নবজাতক শিশুর মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি তারাপুর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতিকে জানান।

 

পঞ্চায়েত কমিটির সভাপতি ঘটনাটি এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘তারাপুর চা-বাগানের একটি ঝোপ থেকে কার্টুনে রাখা এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯