ছবি: সংগৃহিত।
ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ‘কর্মী’ নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পারচৌকা ঈদগাহ মাঠের পাশে একটি ধানখেতে এ ঘটনা ঘটে।
নিহত টমাস জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মর্তুজার ছেলে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন এবং তারা গা ঢাকা দিয়েছেন।
নিহত টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকাবাসী জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনাকষা এলাকার একটি ধানখেতে কয়েকজন গোপনে ককটেল তৈরি করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকার একটি ধানখেতের পাশে ককটেল বানাচ্ছিলেন টমাসসহ আরও কয়েকজন যুবক। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মারা যান টমাস। বাকি তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে টমাসের মরদেহ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৮




