ছবি: এআই।
দুর্গম পাহাড়ী পথ কিংবা নদী পার হয়ে ভারত থেকে সিলেটে ঢুকছে ইয়াবা। এরপর হাতবদল হয়ে পৌঁছে যাচ্ছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানে ইয়াবার চালান ও কারবারি আটকের ঘটনা প্রত্যন্ত এলাকায় মাদক বিস্তারেরই আভাস দিচ্ছে। বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজারের সীমান্তঘেঁষা এলাকাগুলোতে ইয়াবা পাচারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিক্রির নেটওয়ার্ক গড়ে ওঠেছে।
গত দুই মাসে সিলেট জেলা পুলিশের হাতে আটক হয়েছে ইয়াবার অন্তত ১৩টি চালান। এর মধ্যে অনেক চালান ধরা পড়েছে প্রত্যন্ত গ্রামে। স্থানীয়রা বলছেন, মাদক কারবারিদের হাত ধরেই শান্ত-শ্যামল গ্রামে পৌঁছে গেছে ইয়াবা নামক সর্বনাশা মাদক। অনেক মাদকসেবী নিজের সেবনের ইয়াবার খরচ জোগাতে জড়িয়ে পড়েছেন কারবারে। ফলে দিন দিন প্রান্তিক জনপদে মাদকের বিস্তার আশঙ্কাজনকভাবে বাড়ছে।
স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে সুরমা ও কুশিয়ারা নদী পার হয়ে সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার ও কানাইঘাট সীমান্ত দিয়ে ইয়াবার বিশাল চালান আসে। এরপর ছোট ছোট অংশে ভাগ করে বিভিন্ন পথে ছড়িয়ে দেওয়া হয়। নানা বয়সী বাহক দিয়ে ইয়াবার চালান পাঠানো হয় সিলেট শহরসহ বিভিন্ন জেলা ও উপজেলায়। নিরাপদ ভেবে কারবারিরা গ্রামীণ এলাকায় ইয়াবা মজুদ করে। ফলে শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও তৈরি হচ্ছে নতুন বাজার।
সাম্প্রতিক কয়েকটি অভিযানের তথ্যেও এর প্রমাণ মিলেছে। ২৩ সেপ্টেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকা থেকে ১৫শ’ পিস ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশ। একই স্থান থেকে ১৯ আগস্ট ৩ হাজার পিসসহ ১ জন, ২৫ আগস্ট সাড়ে ৭ হাজার পিসসহ ৩ জন, ২ সেপ্টেম্বর ৬ হাজার পিসসহ ১ জন, ৩ সেপ্টেম্বর ৭ হাজার পিসসহ ১ জন, ১৭ সেপ্টেম্বর ১২শ’ পিসসহ ১ জন ও ১৮ সেপ্টেম্বর ৭ হাজার পিসসহ ২ জনকে পুলিশ আটক করে।
এছাড়া গত দুই মাসে জকিগঞ্জ উপজেলায় ৫টি অভিযান চালায় পুলিশ। এর মধ্যে ৩১ জুলাই পশ্চিমম লোহারমহল গ্রাম থেকে ৪ হাজার পিসসহ ১ জন, ১৩ আগস্ট খলাছড়া থেকে ২ হাজার পিসসহ ২ জন, ২৫ আগস্ট ভরন সুলতানপুর থেকে ৪২শ’ পিসসহ ১ জন, ২৬ আগস্ট দক্ষিণ বিপক থেকে ৭শ’ পিসসহ ২ জন, ১৪ সেপ্টেম্বর মাদারখাল থেকে ৬শ’ পিসসহ ২ জনকে আটক করা হয়। ৪ আগস্ট জৈন্তাপুরের দরবস্ত থেকে ১ হাজার পিসসহ ১ জন ও একই উপজেলার ছাল্লাইন থেকে ৪ হাজার পিসসহ একজনকে আটক করে পুলিশ।
পুলিশের তথ্যমতে, জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজার সীমান্ত দিয়ে আসা ইয়াবা সিলেট শহরে নিয়ে আসতে চারখাইকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে মাদক কারবারিরা। পূর্ব সিলেটের কয়েকটি উপজেলার সংযোগস্থল হওয়ায় চারখাইকে বেছে নিয়েছে তারা। তবে নজরদারি জোরদার করার পর থেকে ওই এলাকায় বেশ কয়েকটি চালান ধরা পড়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
সংশ্লিষ্টদের মতে, সিলেটে ইয়াবার কারবারে স্তরভিত্তিক কাঠামো রয়েছে। কেউ পুঁজি বিনিয়োগ করে, কেউ সীমান্ত থেকে চালান সংগ্রহ করে, আবার কেউ মধ্যস্বত্বভোগী বা বাহকের মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেয়। সর্বশেষ স্তরে জড়িতরা ছোট চালান পৌঁছে দেয় বিভিন্ন গ্রাম, বাজার, দোকান ও আড্ডাস্থলে। আর বড় চালান যায় শহরে।
মাদকসহ আটক ব্যক্তিদের সামাজিক পরিচয় বিশ্লেষণে দেখা গেছে, এক শ্রেণির তরুণ প্রথমে ইয়াবায় আসক্ত হচ্ছে, পরে সেই নেশার ব্যয় বহন করতে ছোট পরিসরে কারবারে জড়িয়ে পড়ছে। কেউ কেউ বাহক হিসেবে কাজ করছে, আবার কেউ পরিচিতদের কাছে খুচরা বিক্রি করছে।
সংশ্লিষ্টরা বলছেন, এভাবে একজন আসক্ত ব্যক্তির মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিস্তার ঘটার পাশাপাশি ইয়াবা সহজলভ্য ও সেবনকারীর সংখ্যা বাড়ছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, এখন প্রত্যন্ত গ্রামেও ইয়াবার মতো সর্বনাশা মাদক ছড়িয়ে পড়েছে। মুলত কারবারিদের হাত ধরেই মাদক সহজলভ্য হয়েছে। যত দিন যাচ্ছে এর ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। তরুণরা প্রথমে কৌতুহলবশত সেবন করে, পরে আসক্তি তৈরি হয়। একসময় মাদকের টাকা জোগাড় করতে জড়িয়ে যায় কারবারে। এছাড়া ইয়াবা ব্যবসা লাভজনক হওয়ায় অনেকেই এ ব্যবসায় নাম লিখিয়েছেন। এই ব্যাধি থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনিক ও সামাজিক যৌথ প্রচেষ্টা প্রয়োজন। একার পক্ষে এটা সম্ভব নয়।
এ প্রসঙ্গে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, নানা কারনে সহজলভ্য হয়ে যাওয়ায় প্রত্যন্ত অঞ্চলেও মাদক ছড়িয়ে পড়েছে। এর অন্যতম একটি কারণ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অভাব। মাদকের এই ভয়ংকর থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের সাথে সামাজিক আন্দোলনও প্রয়োজন। অভিযানের পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সোচ্চার করা হচ্ছে। উঠান বৈঠক ও বিটপুলিশিংয়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির চেষ্টা চলছে।
পুলিশ সুপার জানান, মাদক কারবারে অর্থের যোগানদাতারা এতোদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। এখন তাদের তালিকা তৈরি করে নজরদারি বাড়ানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫




