ছবি: সিলেট ভিউ গ্রাফিক্স।

সিলেটে দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে বিশেষায়িত ক্যানসার, কিডনি ও হৃদরোগ চিকিৎসাকেন্দ্র চালু হতে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ১০০ শয্যার চিকিৎসাকেন্দ্রটি চালুর পথ এবার অনেকটাই সুগম হয়েছে। এজন্য প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি চালু হলে সিলেট বিভাগের ক্যানসার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

 


বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেকের চলতি ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়। সভায় আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাসেবা সম্প্রসারণসহ মোট ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে।

 

সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এসব তথ্য জানান। তিনি বলেন, আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। এতে প্রকল্পের ব্যয় ২ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৫৩২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সূত্র জানায়,  সিলেটের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে। ২০১৯ সালের অক্টোবরে এর নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৮৯ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ১৭ তলা ভিত্তির ওপর নির্মিত হয়েছে ১৫ তলাবিশিষ্ট ভবন। দুটি বেজমেন্টসহ ভবনটির মূল নির্মাণকাজ অনেক আগেই শেষ হয়েছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম স্থাপন এবং জনবল নিয়োগ না হওয়ায় এতদিন হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। 

 

যার ফলে সিলেট বিভাগের ক্যানসার, হৃদরোগ ও কিডনি রোগীদের চিকিৎসার জন্য এখনো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে। বিশেষ করে জটিল ও ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে নিম্ন আয়ের রোগীদের আর্থিক চাপ সামলাতে হিমশিম খেতে হয়। বিশেষায়িত কেন্দ্রটি চালু হলে এ অঞ্চলের রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে।

 

পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, শুরুতে ১০০ শয্যার ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। পরে এর সঙ্গে হৃদরোগ ও কিডনি চিকিৎসার বিশেষায়িত সুবিধা, অতিরিক্ত শয্যা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করা হয়। ২০১৯ সালে প্রকল্পটি গ্রহণ করা হলেও ২০২৩-২৪ সালের দিকে এর বাস্তবায়ন কার্যক্রমে গতি আসে।

 

দেশে ক্যানসার চিকিৎসার চাহিদা ও বিদ্যমান সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর বাংলাদেশে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ ক্যানসারে আক্রান্ত হন। এ রোগে বছরে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ও হাসপাতাল বছরে প্রায় ৪০ হাজার রোগীকে চিকিৎসাসেবা দিতে সক্ষম। ফলে রোগীদের চিকিৎসা ও হাসপাতালের শয্যা পেতে নানা ভোগান্তিতে পড়তে হয়। বিভাগীয় শহরগুলোতে বিশেষায়িত চিকিৎসাসুবিধা সম্প্রসারিত হলে ঢাকার হাসপাতালগুলোর ওপর চাপ কমবে। পাশাপাশি ঢাকার বাইরে থাকা রোগীরাও নিজ নিজ অঞ্চলে উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।

 

চিকিৎসাকেন্দ্রগুলো কার্যকরভাবে চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার পাশাপাশি চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য দক্ষ জনবলের ব্যবস্থা করতে হবে। জনবল ছাড়া ব্যয়বহুল চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হলে সেগুলো অব্যবহৃত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হবে।

 

তিনি আরও জানান, প্রকল্পের শুরুতেই প্রয়োজনীয় জনবলের অনুমোদন নিশ্চিত করতে এবং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

 

এদিকে একনেকের সভায় যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণের সংশোধিত প্রকল্পও অনুমোদন পেয়েছে। এ প্রকল্পের ব্যয় ২ হাজার ১০৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৯৭১ কোটি ৬৪ লাখ টাকা করা হয়েছে। এর আওতায় জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে একটি লিভার প্রতিস্থাপন ইউনিট স্থাপন করা হবে।

 

লিভার প্রতিস্থাপন কার্যক্রম প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, দেশের সাতজন চিকিৎসক ইতোমধ্যে পাঁচটি দেশে এ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রাথমিক পর্যায়ে অভিজ্ঞ বিদেশি সার্জনরা অস্ত্রোপচার করবেন। এ সময় দেশের প্রশিক্ষিত চিকিৎসকরা তাঁদের সহযোগিতা করবেন। পরবর্তী সময়ে দেশীয় চিকিৎসকরাই এ কার্যক্রম পরিচালনা করবেন।

 

চিকিৎসা শিক্ষার মানোন্নয়নেও হাসপাতাল ও মেডিকেল কলেজের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, দক্ষ চিকিৎসক গড়ে তুলতে হাতে-কলমে ক্লিনিক্যাল প্রশিক্ষণের বিকল্প নেই। এ জন্য স্বাস্থ্যশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণ খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও সরকারের অগ্রাধিকার পাবে।

 

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ছয় মাসের মধ্যে বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি চালুর আশ্বাস দিয়েছিলেন। অন্যদিকে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছিলেন, সিলেটে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ পুরোদমে চলছে। ক্যানসার ইনস্টিটিউটের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪