ছবি: সিলেটভিউ।
পাউরুটিতে পাওয়া গেছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান পটাশিয়াম ব্রোমেট। বেকারির পরিবেশও ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। এমন নানা অনিয়মে সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাগলা বাজারে অবস্থিত যমুনা বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বেকারিটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
এবষিয়ে সিলেটভিউকে নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দীন জানান, যমুনা বেকারিতে পাউরুটি উৎপাদনে ক্যান্সার সৃষ্টিকারী পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া খাদ্যপণ্য সংরক্ষণে ব্যবহার করা হচ্ছিল কালিযুক্ত কাগজ। প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশও ছিল নোংরা ও অস্বাস্থ্যকর।
শুধু তাই নয়, বাধ্যতামূলক বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি।এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বেকারির মালিক মো. শ্যামল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দীনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। অনিয়ম পেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
সিলেটভিউ২৪ডটকম/মআস-১০




